কেউ কারোর বিরুদ্ধে কটু কথা বলছেন না: ড.ম ইউনূস
ঢাকা প্রতিনিধি, ৭ ফেব্রুয়ারি: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের প্রস্তুতি এখন পর্যন্ত অত্যন্ত সন্তোষজনকভাবে সম্পন্ন হয়েছে এবং সামগ্রিক পরিবেশ নিয়ে সরকার আশাবাদী। শনিবার ৭ ফেব্রুয়ারি রাতে যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার বরাত দিয়ে জানান—“উই আর ভেরি হ্যাপি। আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে টু মেক ইট পারফেক্ট। ভোটটা যাতে নিখুঁত হয়, সেটাই এখন প্রধান লক্ষ্য। আগামী এক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ।”
প্রধান উপদেষ্টার মতে, সারা দেশে শান্তিপূর্ণ ও উৎসাহব্যঞ্জক পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে। তিনি আশা প্রকাশ করেন—নারীরা আনন্দের সঙ্গে ভোট দেবেন, পরিবারগুলো একসঙ্গে ভোটকেন্দ্রে যাবেন, আর এই নির্বাচন দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার ভাষায়, “ভোট উৎসবমুখর হবে। মানুষ পুরো পরিবার নিয়ে ভোট উৎসবে যোগ দেবে।”
সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্তব্যটি ছিল রাজনৈতিক আচরণ নিয়ে। ড. ইউনূনের বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, “কেউ কারোর বিরুদ্ধে কটু কথা বলছেন না। কোনো অভদ্র আচরণ বা অভদ্র ভাষা ব্যবহার হচ্ছে না। এটি আমাদের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য অত্যন্ত ইতিবাচক পরিবর্তন।” তিনি মনে করেন, এই পরিবর্তন শুধু নির্বাচনী পরিবেশ নয়, দেশের রাজনৈতিক সংস্কৃতির ভবিষ্যতের জন্যও শুভ লক্ষণ।
তিনি আরও বলেন, নির্বাচনের প্রচারণায় যে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে, তা ধরে রাখা এখন সবচেয়ে বড় দায়িত্ব। ভোটারদের প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন—মানুষ দায়িত্বশীলভাবে ভোট দেবে, এবং এই নির্বাচন দেশের গণতান্ত্রিক যাত্রায় নতুন মানদণ্ড তৈরি করবে।
ড. ইউনূসের বক্তব্যে স্পষ্ট—এই নির্বাচন শুধু ভোটের দিন নয়, বরং রাজনৈতিক আচরণ, সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধের একটি নতুন অধ্যায় রচনার সুযোগ।