‘দুই ভুবনের, দুই বাসিন্দা’ গানের সুরকার শাহ নেওয়াজ আজ হয়ে গেলেন এক ভূবনের বাসিন্দা
ভয়েস অব পিপল ‘স্মরণীয় বরণীয়’ ডেস্ক, ৭ ফেব্রুয়ারি:
বাংলা গানের এক স্বর্ণযুগের সুরকার, অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা মো. শাহ নেওয়াজ আর নেই। বাংলাদেশ সময় ৭ ফেব্রুয়ারি রাত ৩টা ৩৩ মিনিটে কানাডার মন্ট্রিয়লে (লন্ডনে সময় সকাল ৮টা ৩৩ মিনিট) তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা এই কিংবদন্তির বিদায়ে সংগীতজগতে নেমে এসেছে গভীর শোক।
তার মৃত্যুর খবরটি প্রথম জানান গীতিকার কবির বকুল। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন—বাংলা গানের অগণিত স্মৃতিময় সুরের কারিগর শাহ নেওয়াজ আর আমাদের মাঝে নেই। তাঁর এই সংক্ষিপ্ত বার্তাই সংগীতপ্রেমীদের হৃদয়ে ছড়িয়ে দেয় শোকের ঢেউ।
শাহ নেওয়াজের ছেলে স্বদেশ নেওয়াজ গণমাধ্যমকে জানান, গত বছরের ৭ ডিসেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে মন্ট্রিয়লের রয়েল ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন আইসিইউতে লড়াই করেছেন তিনি। চারবার লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত সেই লড়াই আর জেতা হলো না। তিনি স্ত্রী, এক কন্যা, দুই পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মন্ট্রিয়লেই তাকে সমাহিত করা হবে।
বাংলা গানের ইতিহাসে শাহ নেওয়াজের নাম উচ্চারণ হলেই প্রথমেই মনে পড়ে যায় সেই অমর পঙ্ক্তি—
“দুই ভুবনের, দুই বাসিন্দা বন্ধু চিরকাল / রেললাইন বহে সমান্তরাল।”
নজরুল ইসলাম বাবুর লেখা এই গানটির সুরকার ছিলেন তিনি। মলয় কুমার গাঙ্গুলী ও দিলরুবা খানের কণ্ঠে গানটি পেয়েছিল অমরত্ব। ১৯৮৩ সালে বিটিভির জনপ্রিয় নাটক ‘একদিন যখন’-এ ব্যবহৃত হওয়ার পর গানটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ে।
শাহ নেওয়াজের সুরে বিটিভির আরেক জনপ্রিয় গান—
“আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে…”
এটিও আজো শ্রোতাদের হৃদয়ে জায়গা করে আছে। আফজাল ও সুবর্ণা অভিনীত টিভি নাটক ‘কুল নাই কিনার নাই’ তে ঐ গানটি ব্যবহৃত হবার পর গানটি আরও ব্যাপক জনপ্রিয় হয়ে পড়ে সবার কাছে। বিশেষ করে তখনকার তরুণ প্রজন্মের কাছে গানটি রীতিমতো ক্রেজে পরিনত হয়।
তার সুরে ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গাওয়া দুটি গান—
“জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি…”
এবং
“এক ফোঁটা বিষ আজ আমার তিয়াস প্রিয়া মেটাবে…”
বাংলা আধুনিক গানের ভাণ্ডারে বিশেষ স্থান দখল করে আছে। গান দুটি লিখেছিলেন ওসমান শওকত।
শাহ নেওয়াজের সুরে শাহনাজ রহমতুল্লাহ গেয়েছেন—
“বন্ধু রে তোর মন পাইলাম না”,
“সোনামুখী সুই দিয়ে সেলাই করা কাজ সামাল করে রেখো আমার মাটির জায়নামাজ”—
যা আজো শ্রোতাদের আবেগ ছুঁয়ে যায়।
তাঁর সুরে গান করেছেন দেশের প্রায় সব খ্যাতিমান শিল্পী—মোহাম্মদ আব্দুল জব্বার, সৈয়দ আব্দুল হাদী, রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, এন্ড্রু কিশোরসহ অসংখ্য কিংবদন্তি কণ্ঠ।
বাংলা গানের যে সোনালি অধ্যায় আমরা আজও গর্ব করে স্মরণ করি, সেই অধ্যায়ের অন্যতম নির্মাতা ছিলেন মো. শাহ নেওয়াজ। তার সুরে ছিল সময়ের গন্ধ, মানুষের অনুভূতি, আর শিল্পীর গভীর মমতা। তিনি চলে গেলেন, কিন্তু রেখে গেলেন এমন সব সুর—যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকবে।
আজ তিনি সত্যিই হয়ে গেলেন এক ভূবনের বাসিন্দা—কিন্তু তার সুরের ভুবন চিরকাল সমান্তরাল হয়ে বয়ে যাবে আমাদের হৃদয়ে।