জার্মানিতে তুষারঝড় ‘এল্লি’: ডুবে আছে শহর ও পল্লী

জার্মানিতে তুষারঝড় ‘এল্লি’: ডুবে আছে শহর ও পল্লী

জার্মানীর হ্যানোভার সিটি থেকে ভয়েস অব পিপল এর ইউরোপ প্রতিনিধি আই. জেজেক: 

জার্মানিতে প্রবল তুষারঝড় ‘এল্লি’র দাপট অব্যাহত রয়েছে। আটলান্টিক মহাসাগর থেকে সৃষ্ট একটি শক্তিশালী নিম্নচাপ তুষারঝড়ে রূপ নিয়ে দেশটিতে আঘাত হানে। প্রথমে উত্তর জার্মানিতে তাণ্ডব চালালেও বর্তমানে ঝড়টি ধীরে ধীরে দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। ফলে শহর ও পল্লী—উভয় এলাকাই বরফ আর তুষারের চাদরে ঢেকে গেছে।

উত্তর জার্মানির ব্রেমেন, হ্যানোভার, হামবুর্গ ও লোয়ার স্যাক্সনি রাজ্যে টানা তুষারপাতের কারণে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। যদিও এসব অঞ্চলে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে, তবু বরফে ঢাকা রাস্তা, ফুটপাত ও রেললাইনের কারণে জনদুর্ভোগ এখনো কাটেনি। রাস্তা পরিষ্কার ও যান চলাচল স্বাভাবিক রাখতে শীতকালীন পরিষেবা বিভাগগুলো দিনরাত কাজ করে যাচ্ছে। অনেক শহরে টানা দুই দিন ধরে স্কুল বন্ধ রয়েছে, পার্ক ও কবরস্থানও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

মধ্য ও দক্ষিণ জার্মানিতে নতুন করে তুষারঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তর অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে এবং জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে না বের হওয়ার আহ্বান জানিয়েছে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিম জার্মানির বাডেন-ভ্যুর্টেনবার্গ রাজ্যের কিছু অংশে চরম আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

জার্মান আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ হেলগা শেফ জানান, দক্ষিণাঞ্চলে তুষারপাতের সীমা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০ থেকে ৫০০ মিটার উচ্চতায় নামতে পারে। আগামী ভোর পর্যন্ত নতুন করে সর্বোচ্চ ৪০ সেন্টিমিটার তুষারপাতের আশঙ্কা রয়েছে। ব্ল্যাক ফরেস্ট ও পূর্ব আল্পস এলাকায় উল্লেখযোগ্য নতুন তুষার জমার সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

আবহাওয়া দপ্তরের তথ্যমতে, পাহাড়ি এলাকায় তাপমাত্রা মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে, অন্য অঞ্চলে তা শূন্য থেকে ৪ ডিগ্রির মধ্যে থাকবে। রাইন উপত্যকায় তাপমাত্রা সাময়িকভাবে ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালেও উঁচু পাহাড়ি এলাকায় প্রবল ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি রয়েছে। এতে তুষারঝড় আরও বিপজ্জনক রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দক্ষিণ জার্মানির ব্ল্যাক ফরেস্ট ও ওবার আলগয় এলাকায় ১০ থেকে ৪০ সেন্টিমিটার পর্যন্ত নতুন তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, যা কোনো কোনো স্থানে ৫০ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এসব এলাকার জন্য চরম আবহাওয়ার সতর্কতা কার্যকর রয়েছে।

তুষারঝড়ের কারণে পরিবহন ব্যবস্থাও বিপর্যস্ত। জার্মান রেলওয়ে কর্তৃপক্ষ উত্তরাঞ্চলে দূরপাল্লার ট্রেন চালু করার পরিকল্পনা করলেও তা পিছিয়ে দিয়েছে। দক্ষিণ-পশ্চিম জার্মানিতে ট্রেন চলাচলে বিলম্ব ও একাধিক ট্রেন বাতিলের আশঙ্কা জানানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

বিরূপ আবহাওয়ার প্রভাব পড়েছে ব্যক্তিগত জীবনেও। ‘ভয়েস অব পিপল’-এর জার্মান প্রতিনিধি দম্পতির ১০ জানুয়ারি হ্যানোভার থেকে লন্ডনে যাত্রার কথা থাকলেও তুষারঝড়ের কারণে তা বাতিল করতে বাধ্য হয়েছেন তারা।

সব মিলিয়ে তুষারঝড় ‘এল্লি’ জার্মানির শহর ও পল্লীজুড়ে জনজীবনকে কার্যত স্থবির করে দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।