গ্রিস উপকূলে উদ্ধার ৫৩৯ অভিবাসীর মধ্যে ৪৩৭ জনই বাংলাদেশি
ইউরোপ ডেস্ক, ২৩ ডিসেম্বর ২০২৫: ভূমধ্যসাগরের উত্তাল জলরাশিতে বিপজ্জনক সমুদ্রযাত্রার পর গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে গাভদোস উপকূলে একটি মাছ ধরার নৌকা থেকে ৫৩৯ জন অভিবাসী উদ্ধার করা হয়েছে। স্থানীয় কোস্টগার্ড জানিয়েছে, এর মধ্যে ৪৩৭ জনই বাংলাদেশি।
ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষা সংস্থা ফ্রন্টেক্সের টহল নৌকা ভোরে সন্দেহজনক নৌকাটি নজরে আনে এবং অভিবাসীদের উদ্ধার করা হয়। উদ্ধারকালে নৌকায় চারজন নারী ও দুই শিশু ছিল; সংখ্যাগরিষ্ঠই পুরুষ।

হেলেনিক কোস্টগার্ডের রেথিম্নো প্রধান কিরিয়াকোস পাত্তাকোস জানান, অভিবাসীদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং মানবপাচারকারী চক্র শনাক্ত করা ও তাদের নিরাপদ স্থানে স্থানান্তরই এখন প্রধান লক্ষ্য।
স্থানীয় প্রশাসন বিপুলসংখ্যক অভিবাসী সামলাতে চাপে রয়েছে। রেথিম্নো পৌরসভার উপমেয়র ইয়োরগোস স্কোরদিলিস জানিয়েছেন, পর্যাপ্ত অবকাঠামোর ঘাটতি রয়েছে। আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, সোমবার ৩০০ জনকে অন্যত্র স্থানান্তর করা হবে, বাকিদের আগামী সপ্তাহে পাঠানো হবে।
উদ্ধারকৃতদের মধ্যে আরও রয়েছেন ৪৬ জন পাকিস্তানি, ৩৪ জন মিসরীয়, ১২ জন ইরিত্রীয় (৪ নারী ও ২ শিশু), ৫ জন সোমালি এবং সুদান, ইয়েমেন ও ফিলিস্তিনের নাগরিক। কর্তৃপক্ষের ধারণা, তারা লিবিয়ার পূর্বাঞ্চল থেকে অন্তত ৩৬ ঘণ্টার ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে গ্রিসের উপকূলে পৌঁছেছে।
গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা জানিয়েছেন, এই বিষয়ে বাংলাদেশ দূতাবাস এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য পাননি।
উল্লেখ্য, এর আগেও বৃহস্পতিবার গাভদোস উপকূলে পৃথক দুটি ঘটনায় বিপদে পড়া নৌকা থেকে ৬৫ জন পুরুষ ও ৫ জন নারীকে উদ্ধার করা হয়েছিল।