বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় ভোট ও গণভোটের মুখোমুখি দেশ

বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় ভোট ও গণভোটের মুখোমুখি দেশ

ঢাকা প্রতিনিধি,১১ ফেব্রুয়ারি: ছাত্র-জনতার অভ্যুত্থানে বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় দীর্ঘ ১৭ বছর পর এক ভিন্ন পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত রাখা হয়েছে।
রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে গৃহীত ‘জুলাই সনদ’-এর প্রতি জনসমর্থন যাচাইয়ের লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজন করা হচ্ছে। দেশের ইতিহাসে এর আগে গণভোট অনুষ্ঠিত হলেও সংসদ নির্বাচনের সঙ্গে একসঙ্গে গণভোট এই প্রথম।


গণঅভ্যুত্থান থেকে নির্বাচনের দিন
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করলে রাজনৈতিক পটপরিবর্তনের সূচনা হয়। তিন দিন পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। রাষ্ট্রকাঠামো সংস্কার, বিচার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আগামীকালের এই নির্বাচনকে ‘মাহেন্দ্রক্ষণ’ হিসেবে দেখছে বিভিন্ন মহল।
অংশগ্রহণ ও অনুপস্থিতির রাজনীতি
নির্বাচন কমিশনের তথ্যমতে, নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের মধ্যে এবার ৫০টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। সরকারের নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ এবং পরে ইসির নিবন্ধন স্থগিত হওয়ায় এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না আওয়ামী লীগ। দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত আগের তিনটি সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম, যা ভোটারদের মধ্যে দীর্ঘদিনের কেন্দ্রবিমুখতার একটি বড় কারণ হিসেবে বিবেচিত হয়েছে।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম ভোট ঘিরে সাধারণ মানুষের মধ্যে দৃশ্যমান আগ্রহ দেখা যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত সোমবার রাত থেকেই রাজধানী ঢাকা থেকে গ্রামমুখী মানুষের ঢল নামে। বাস, ট্রেন ও লঞ্চে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি যাত্রী চাপ লক্ষ্য করা গেছে।


ভোটার উপস্থিতি নিয়ে প্রত্যাশা ও শঙ্কা


আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোটার উপস্থিতি নিয়ে শুরুতে শঙ্কা প্রকাশ করা হলেও সরকার ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের বেশি হতে পারে। ভোটের দিন বৃহস্পতিবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর আগের দিন বুধবার সরকার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করে।
নির্বাচন পর্যবেক্ষণে ৫০ হাজারের বেশি দেশীয় পর্যবেক্ষকের পাশাপাশি ২৩টি দেশ ও সাতটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তারা ইতোমধ্যে সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন।
সংঘাত, অভিযোগ ও আচরণবিধি লঙ্ঘন
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি থাকলেও তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী সহিংসতায় সরকারি হিসাবে পাঁচজন এবং বেসরকারি হিসাবে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নারী ও সংখ্যালঘু ভোটারদের ওপর চাপ প্রয়োগের অভিযোগও জমা পড়েছে নির্বাচন কমিশনে।
ইসি জানিয়েছে, প্রচারপর্বে আচরণবিধি লঙ্ঘনের ৪৬১টি ঘটনা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ২৫৯টি ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মামলা করা হয় এবং জরিমানা আদায় করা হয়েছে ৩২ লাখ ১৫ হাজার ৯৫০ টাকা।
প্রতিদ্বন্দ্বিতা ও রাজনৈতিক সমীকরণ
প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতে ইসলামী দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র। শুরুতে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির বিজয় অনেকটাই নিশ্চিত বলে ধারণা করা হলেও নির্বাচনী প্রচারের শেষ দিকে প্রায় অর্ধেক আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে। দলীয় মনোনয়নবঞ্চিত প্রার্থীরাও বিএনপির জন্য বাড়তি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে।
নিরাপত্তা ও ঝুঁকিপূর্ণ কেন্দ্র
আইনশৃঙ্খলা বাহিনীর হিসাবে দেশের ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রের মধ্যে ৪০ শতাংশেরও বেশি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঢাকা মহানগরীর দুই সিটি করপোরেশন এলাকায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা তুলনামূলকভাবে বেশি।
২০০৮ সালের পর এই প্রথমবারের মতো সশস্ত্র বাহিনীকে নির্বাচনকালীন নিরাপত্তায় নিয়োজিত করা হয়েছে। সারাদেশে এক লাখের বেশি সশস্ত্র বাহিনীর সদস্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করবেন।
প্রার্থী, ভোটার ও পোস্টাল ব্যালট
২৯৯টি আসনে মোট প্রার্থী ২ হাজার ২৮ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন।
মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখের বেশি। এবার প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে না পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত হবে না বলে জানিয়েছে ইসি।
ভোট ও গণভোটের ফল গণনা
নির্বাচন কমিশন জানিয়েছে, সংসদ নির্বাচন ও গণভোটের ফল একসঙ্গে গণনা করা হবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর কেন্দ্রে প্রাথমিক ফল প্রকাশ করা হবে এবং পরে পোস্টাল ব্যালট যুক্ত করে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।
বিধিনিষেধ ও জনজীবন
নির্বাচন ঘিরে আগামী পাঁচ দিন সারাদেশে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। পাশাপাশি শপিংমল, দোকানপাট, রাইড শেয়ারিং, মোটরসাইকেল ও ভারী যান চলাচলের ওপর বিভিন্ন মেয়াদি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে ক্যাশ-ইন ও ক্যাশ-আউট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
দীর্ঘ ছুটির কারণে আজ ১১ ফেব্রুয়ারিও রাজধানী ঢাকা ছাড়ছেন বিপুলসংখ্যক মানুষ, যার ফলে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে যাত্রীদের চাপ বেড়েছে।