বাংলাদেশে শুরু হলো ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

বাংলাদেশে  শুরু হলো ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

ভয়েস অব পিপল নিউজ: বাংলাদেশের বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, যা দীর্ঘদিন পর দেশে উৎসবমুখর নির্বাচনী পরিবেশের ইঙ্গিত দিচ্ছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯ আসনে ভোট গ্রহণ চলবে। এবারের নির্বাচন শুধু সংসদে প্রতিনিধিত্ব নির্ধারণ করবে না, সঙ্গে সঙ্গে জাতীয় গণভোটের মাধ্যমে ২৪ পরবর্তী জাতীয় সনদের বৈধতা নিশ্চিত করা হবে। ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের মাধ্যমে দেশের সংবিধান ও গঠনতান্ত্রিক সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এবার নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি রাজনৈতিক দল, যার মধ্যে প্রধান দুই শক্তি বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন দুটি জোট। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দুই হাজারের বেশি, এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন এবং দলীয় প্রার্থী এক হাজার ৭৫৫ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন। দেশে মোট ভোটার সংখ্যা প্রায় ১২ কোটি ৭৭ লাখ, যার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ। ভোটার উপস্থিতি নিয়ে কমিশন আশাবাদী; বিশেষ করে রাজধানী ছাড়িয়ে মানুষ গ্রামে ফিরে ভোট দিতে যাওয়ার দৃশ্য ইতিবাচক টার্নআউটের ইঙ্গিত দিচ্ছে।

নির্বাচন কমিশন নিশ্চিত করেছে, এই নির্বাচনের জন্য প্রথমবারের মতো ড্রোন, বডি ওর্ন ক্যামেরা এবং বিস্তৃত সিসিটিভি নজরদারি ব্যবহৃত হচ্ছে। দেশের ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য, ২ হাজার ১০০ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ বিচারিক ম্যাজিস্ট্রেট ভোটের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দায়িত্বে রয়েছেন।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “এই নির্বাচন একটি বড় চ্যালেঞ্জের মধ্য দিয়ে এসেছে। অতীতের বাধা ও শঙ্কা অতিক্রম করে আমরা আশা করছি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করতে সক্ষম হব।” তফসিল ঘোষণার পর থেকে আচরণবিধি লঙ্ঘনের ৩৫০টির বেশি অভিযোগ পেয়েছে কমিশন; এর মধ্যে স্থানীয়ভাবে ৪০০টির বেশি অভিযোগে ৩২ লাখ টাকার জরিমানা ও ২১২টি মামলা হয়েছে।

দেশীয় পর্যবেক্ষক হিসেবে ৪৫ হাজার ৩৩০ জন, বিদেশি পর্যবেক্ষক প্রায় ৩৫০ জন এবং প্রায় ৯ হাজার ৭০০ জন সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্ব পালন করবেন। কেন্দ্রে কেন্দ্রে ভোট নেওয়া হবে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে। নির্বাচন কমিশন সব রাজনৈতিক দল ও ভোটারদের সৌহার্দপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে।

শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত থাকায়, মোট ২৯৯ আসনে ভোট অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দুটি ব্যালট একযোগে গণনা করা হবে এবং কেন্দ্র পর্যায়ে প্রাথমিক ফলাফল রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে কমিশনে পাঠানো হবে। বেশির ভাগ আসনের ফল মধ্যরাতের মধ্যে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।