গাজার যুদ্ধ প্রতিবেদনকর্তা মালাক এ তানতিশ পেলেন ব্রিটিশ জার্নালিজম অ্যাওয়ার্ডস ২০২৫
লন্ডন, ১৩ ডিসেম্বর : যুক্তরাজ্যের বিখ্যাত সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সাবেক গাজা প্রতিনিধি মালাক এ তানতিশ ‘ব্রিটিশ জার্নালিজম অ্যাওয়ার্ডস ২০২৫’ লাভ করেছেন। গাজা যুদ্ধের উপর তাঁর সাহসী ও মানবিক প্রতিবেদনগুলোর স্বীকৃতিস্বরূপ তাঁকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়াও তানতিশ যুক্তরাজ্যের সম্প্রচারমাধ্যম ‘চ্যানেল ৪ নিউজ’ বর্ষসেরা সংবাদ পরিবেশনকারী হিসেবে পুরস্কৃত হয়েছে।
তানতিশ দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের ১৮ মাস গাজা উপত্যকায় গার্ডিয়ানের প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। তাঁর অনেকগুলো প্রতিবেদন আন্তর্জাতিকভাবে আলোচিত হয়েছে। এর মধ্যে গত বছরের জানুয়ারিতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পর নিজের বাড়িতে ফেরা নিয়ে করা প্রতিবেদনটি বিশেষভাবে নজর কাড়ে।

গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ব্রিটিশ জার্নালিজম অ্যাওয়ার্ডস ২০২৫ অনুষ্ঠানে তানতিশ সম্ভাবনাময় নতুন সাংবাদিক বিভাগে ‘মেরি কলভিন’ পুরস্কার লাভ করেন। এই পুরস্কারের নাম রাখা হয়েছে ব্রিটিশ সাংবাদিক মেরি কলভিনের নামে, যিনি ২০১২ সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় বাব আমর এলাকা থেকে প্রতিবেদন করার সময় নিহত হন।
তানতিশের প্রতিবেদনে গাজাবাসীর ওপর ইসরায়েলের নির্বিচার হামলার প্রভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে। বিশেষ করে নিজের পরিবার ও স্থানীয়দের ওপর যা ঘটে তা তিনি মানবিক দৃষ্টিতে তুলে ধরেছেন। বিভিন্ন প্রতিবেদনে তিনি স্বজন হারানোর দুঃখ এবং বোমা হামলার পরবর্তী পরিস্থিতির ভয়াবহ চিত্র প্রকাশ করেছেন।
এক প্রতিবেদনে তানতিশ জন্মস্থান বাইত লাহিয়ার তাঁর পরিবারের ফেরার বর্ণনা দিয়েছেন, যেখানে দেখা যায় বাড়ি ও বাগান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অন্য একটি প্রতিবেদনে তিনি গাজার হাসপাতাল থেকে ‘হাড্ডিসার শিশুদের’ দুর্দশা তুলে ধরেছেন।
পুরস্কারের বিচারকরা বলেন, “তানতিশের কাজ মেরি কলভিনের মনোভাবের সব বৈশিষ্ট্য ধারণ করে: সাহস, সহানুভূতি এবং কঠিন পরিস্থিতিতেও সঠিক খবর উপস্থাপনের সংগ্রাম।”
তানতিশের পাশাপাশি আরও কয়েকজন গার্ডিয়ানের সাংবাদিক এই বছরের ব্রিটিশ জার্নালিজম অ্যাওয়ার্ডস লাভ করেছেন। প্রযুক্তি সাংবাদিকতা বিভাগে পুরস্কার পেয়েছেন হ্যারি ডেভিস, যিনি ইসরায়েলের অনলাইন সংবাদমাধ্যম ‘+৯৭২ ম্যাগাজিন’-এর সঙ্গে গাজা যুদ্ধ চলাকালে সামরিক বাহিনীর সঙ্গে মাইক্রোসফটের সম্পর্ক নিয়ে গবেষণা করেছেন।