নতুন মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি: প্রস্তুত মন্ত্রিপরিষদ বিভাগ
ঢাকা প্রতিনিধি, ১৪ ফেব্রুয়ারি: সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি—এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হতে পারে বলেও তিনি জানান। তবে শপথের সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারিত হয়নি।
তিনি বলেন, “যখন আমাদের নির্দেশ দেওয়া হবে—অমুক তারিখে, অমুক সময়ে শপথ হবে—আমরা সে অনুযায়ী প্রস্তুতি নেব। সেটা আগামীকাল হলেও করতে হবে, দুই দিন পর হলেও করতে হবে।”
১৭ ফেব্রুয়ারির মধ্যেই সংসদ সদস্যদের শপথ
শেখ আব্দুর রশীদ জানান, জাতীয় সংসদের ২৯৭টি আসনে নির্বাচিত সদস্যদের গেজেট প্রকাশিত হয়েছে। আইন অনুযায়ী তিন কর্মদিবসের মধ্যে তাদের শপথ নিতে হবে। সে হিসাবে ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারির মধ্যেই সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হবে।
তিনি আরও বলেন, সংসদ সদস্যদের শপথ শেষে রাজনৈতিক দলগুলো তাদের সংসদীয় নেতা নির্বাচন করবে। সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থা যিনি পাবেন, তিনি রাষ্ট্রপতিকে তা অবহিত করবেন। এরপর রাষ্ট্রপতি নিয়ম অনুযায়ী তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন।
মন্ত্রিসভার আকার নির্ভর করবে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে
মন্ত্রিসভায় কতজন সদস্য থাকবেন—এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটি সম্পূর্ণ নির্ভর করবে যিনি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হবেন, তার সিদ্ধান্তের ওপর। তিনি কতজনকে এখন বা পরে মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করতে চান, সেটিই চূড়ান্ত হবে।
তিন থেকে চার দিনের মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ
মন্ত্রিপরিষদ সচিব আশা প্রকাশ করেন, আগামী তিন থেকে সর্বোচ্চ চার দিনের মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হতে পারে।