১৬ ফেব্রুয়ারি সকালে নবনির্বাচিত এমপিদের ও বিকালে নতুন মন্ত্রীসভার শপথ
বাংলাদেশ প্রতিনিধি, ১৪ ফেব্রুয়ারি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) এবং নতুন মন্ত্রিপরিষদের শপথগ্রহণের দিন ও সময় নির্ধারণ করা হয়েছে। আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিরা শপথ নেবেন। একই দিনের বিকেলে বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবন সূত্রে এ তথ্য জানা গেছে।
সকালে সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আর বিকেলে বঙ্গভবনে নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তাদের জোটের প্রার্থীরা ২১৪টি আসনে জয় লাভ করেছেন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসনে জয়ী হয়েছে। এছাড়া অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা ৮টি আসনে বিজয়ী হয়েছেন।
নির্বাচন কমিশন ২৯৭ আসনের চূড়ান্ত ফলাফল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঘোষণা করে। একইদিন রাতের দিকে নির্বাচিত সংসদ সদস্যদের নাম ও পরিচয় সম্বলিত গেজেট প্রকাশ করা হয়।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠান আয়োজন করা হবে। এছাড়া রমজানের আগেই দ্রুত শপথ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।