ভারতের উচিত শেখ হাসিনাকে আমাদের হাতে ফেরত দেওয়া”-‘দ্য হিন্দু’ পত্রিকাকে বললেন মির্জা ফখরুল

ভারতের উচিত শেখ হাসিনাকে আমাদের হাতে ফেরত দেওয়া”-‘দ্য হিন্দু’ পত্রিকাকে বললেন মির্জা ফখরুল

ঢাকা প্রতিনিধি, ১৬ ফেব্রুয়ারি:  মঙ্গলবার বিএনপি প্রধান তারেক রহমান বাংলাদেশে প্রধানমন্ত্রীর শপথ নেবেন। তার নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই সরব হচ্ছে দেশের রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা, বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে।

২০২৪ সালে শেখ হাসিনার দেশ ত্যাগের আগে পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল মসৃণ। কিন্তু মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা দেখা দেয়। বিশেষ করে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রস্তাব ভারতের কাছে পাঠানো সম্পর্ককে শীতল করে দেয়।

এবার প্রশ্ন উঠছে—তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার কি একই পথে চলবে? শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হবে?

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “শেখ হাসিনা মানবাধিকারের লঙ্ঘন করেছেন। সাধারণ মানুষ তাঁর শাস্তি চান। আমাদের বিশ্বাস, ভারতের উচিত তাঁকে আমাদের হাতে ফেরত দেওয়া।”

তবে মির্জা ফখরুল নিশ্চিত করেছেন, এই বিষয় দুই দেশের বাণিজ্য বা অন্যান্য সম্পর্কের ওপর প্রভাব ফেলবে না। “আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সুসম্পর্ক চাই,” তিনি যোগ করেন।

তিনি আরও জানান, মহম্মদ ইউনূস সরকারের সময় শুরু হওয়া শাস্তিমূলক ব্যবস্থা এবং সাবেক মন্ত্রিসভার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া নতুন সরকারও বজায় রাখবে।

সব মিলিয়ে, তারেক রহমানের শপথ বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনা, যা ভারতের সঙ্গে সম্পর্ককে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করবে।