নির্বাচন-পরবর্তী সৌহার্দ্য বার্তা: চরমোনাই পীরের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ
ঢাকা প্রতিনিধি, ১৬ ফেব্রুয়ারি: নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সৌহার্দ্য ও ইতিবাচক রাজনীতির বার্তা দিতে তারেক রহমান সাক্ষাৎ করেছেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম–এর সঙ্গে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসভবনে গেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর তাকে স্বাগত জানান।
সাক্ষাৎকালে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এবং মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ।
সৌজন্য সাক্ষাৎকালে তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বৈঠক শেষে রাত প্রায় ৮টার দিকে তিনি বাসভবন ত্যাগ করেন।
জানা গেছে, নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিবেশে পারস্পরিক সৌহার্দ্য ও ইতিবাচক ধারার রাজনীতি জোরদার করতেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে গত শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে এসব বিরোধ যেন প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে তিনি একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ভিন্ন দল ও ভিন্নমতের সবার সহযোগিতা কামনা করেন। রাজনৈতিক অঙ্গনে সংলাপ ও সহনশীলতার চর্চা জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন বিএনপি চেয়ারম্যান।