ব্রিটেন সংবাদ

ব্রিটেন থেকে ফ্রান্সে পাঠানোর পর শত শত আশ্রয়প্রার্থীর হদিস নেই

ব্রিটেন থেকে ফ্রান্সে পাঠানোর পর শত শত আশ্রয়প্রার্থীর হদিস নেই

ভয়েস অব পিপল রিপোর্ট:

ব্রিটেন থেকে ফ্রান্সে ফেরত পাঠানো শত শত আশ্রয়প্রার্থীর সঙ্গে যোগাযোগ হারিয়ে গেছে বলে দাবি করেছে কয়েকটি মানবাধিকার সংগঠন। বিষয়টি ব্রিটেন-ফ্রান্সের ‘ওয়ান ইন, ওয়ান আউট’ অভিবাসন ব্যবস্থাকে নতুন করে বিতর্কের মধ্যে ফেলেছে।

এই ব্যবস্থায় ইংলিশ চ্যানেল পেরিয়ে ছোট নৌকায় ব্রিটেনে আসা কিছু আশ্রয়প্রার্থীকে ফ্রান্সে ফেরত পাঠানোর বিনিময়ে ফ্রান্স থেকে নির্দিষ্টসংখ্যক মানুষকে বৈধ পথে যুক্তরাজ্যে আসার সুযোগ দেওয়া হয়।

গার্ডিয়ানের প্রতিবেদনে মানবাধিকার সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, প্রায় ১,৪০০ জনকে ফ্রান্সে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে মাত্র প্রায় ২০০ জনের সঙ্গে ফরাসি কর্তৃপক্ষের যোগাযোগ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া অন্তত ৪১ জন একাকী অপ্রাপ্তবয়স্ককে ভুলভাবে এই ব্যবস্থার আওতায় ফেরত পাঠানো হয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ। তবে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে, প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে আইনগত প্রতিনিধিত্ব ও বয়স যাচাইয়ের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

ফ্রান্সে ফেরত যাওয়া কয়েকজন আশ্রয়প্রার্থীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়ার দাবিও সামনে এসেছে। ফরাসি স্বাস্থ্যসেবা সংক্রান্ত নথিতে কিছু মানুষের ভাঙা হাড় ও আঘাতের কথা উল্লেখ করা হয়েছে বলে গার্ডিয়ান জানিয়েছে।

চুক্তিটির বর্তমান মেয়াদ ১ অক্টোবর শেষ হওয়ার কথা। ফলে এর ভবিষ্যৎ নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে।