তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদের জন্য—ভয়েস অব পিপল

ইইউর সঙ্গে নতুন টানাপোড়েন, তরুণদের সুযোগ ২০৩০ সালে

ইইউর সঙ্গে নতুন টানাপোড়েন, তরুণদের সুযোগ ২০৩০ সালে

ভয়েস অব পিপল রিপোর্ট, ১৯ নভেম্বর :

ব্রেক্সিটের পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার উদ্যোগে নতুন জটিলতা তৈরি হয়েছে। বিশেষ করে ব্রিটিশ তরুণদের ইউরোপে এবং ইউরোপীয় তরুণদের যুক্তরাজ্যে গিয়ে কাজ, পড়াশোনা ও বসবাসের সুযোগ দেওয়ার প্রস্তাব বাস্তবায়নে দীর্ঘসূত্রতার আশঙ্কা দেখা দিয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, বহুল আলোচিত এই যুব চলাচল কর্মসূচি পুরোপুরি কার্যকর হতে ২০৩০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

বুধবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ব্রাসেলসে অনুষ্ঠেয় যুক্তরাজ্য-ইইউ শীর্ষ সম্মেলনে এ বিষয়ে নীতিগত সমঝোতা হতে পারে। প্রস্তাব অনুযায়ী, ৩০ বছরের কম বয়সীরা সর্বোচ্চ তিন বছর পর্যন্ত অন্য পক্ষের দেশে কাজ, পড়াশোনা, স্বেচ্ছাসেবা কিংবা ভ্রমণের সুযোগ পেতে পারেন।

তবে কর্মসংস্থান ও ভিসাসংক্রান্ত কিছু সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের পরিবর্তে সদস্য দেশগুলোর নিজস্ব কর্তৃত্বের বিষয় হওয়ায় কর্মসূচি বাস্তবায়নে সময় লাগবে। খসড়া চুক্তিতে ২০২৮ সালের মধ্যে এটি কার্যকর করার লক্ষ্য এবং ২০৩০ সালের জানুয়ারির মধ্যে তরুণদের জন্য সুযোগ নিশ্চিত করার কথা বলা হয়েছে।

এদিকে শুধু তরুণদের চলাচল নয়, ব্রিটিশ গাড়িশিল্পকে ইউরোপীয় ইউনিয়নের বিশেষ সরকারি অর্থায়ন সুবিধার আওতায় আনা নিয়েও দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এ ক্ষেত্রে তাদের বাণিজ্যনীতি অনুসরণের শর্ত দিতে চাইছে। ব্রিটেন এ বিষয়ে ছাড় দিতে অনাগ্রহী।

ব্রিটিশ ও ইউরোপীয় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি নিয়েও সমঝোতা হয়নি। ইউরোপীয় শিক্ষার্থীরা ব্রিটেনে পড়তে এলে তাদের ফি কমানো হবে কি না, তা আগামী ছয় মাসের মধ্যে আলোচনার মাধ্যমে নির্ধারণের কথা রয়েছে।

বিশ্লেষকদের মতে, ব্রেক্সিটের পর বাণিজ্য, শিক্ষা ও কর্মসংস্থানে সৃষ্ট দূরত্ব কমাতে দুই পক্ষের উদ্যোগ থাকলেও অভিবাসন, অর্থনীতি ও বাণিজ্যনীতির প্রশ্নে মতপার্থক্য এখনো বড় বাধা হয়ে রয়েছে।