ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি

রাজপথে প্রতিরোধ, সংসদে ঐক্যের ডাক—কঠোর বার্তা তারেক রহমানের

রাজপথে প্রতিরোধ, সংসদে ঐক্যের ডাক—কঠোর বার্তা তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক, ১৯ নভেম্বর :

ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শক্তিকে আর মাথা তুলে দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনায় পতিত স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘চব্বিশে আমরা পলাতক স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলাম, একই চেতনায় আমরা আবারও তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই।’

প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক মতপার্থক্য, বিতর্ক ও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। কিন্তু জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিভক্ত থাকার সুযোগ নেই। সরকারি দল, বিরোধী দল, স্বতন্ত্র সংসদ সদস্য এবং সংসদের বাইরের গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলা এখন সময়ের দাবি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে তারেক রহমান অভিযোগ করেন, গুম, খুন, নির্যাতন ও মানুষের আত্মত্যাগের পরও ওই রাজনৈতিক শক্তির কর্মকাণ্ডে পরিবর্তন আসেনি। দেশের ভেতরে ও বাইরে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তারা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষের বাড়িঘরে আগুন দেওয়া এবং মানুষ হত্যার তালিকা তৈরির মতো উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে পড়ার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, রাজনীতির নামে সন্ত্রাস, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের কোনো গ্রহণযোগ্যতা নেই।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ কিংবা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে প্রাণ দেয়নি নতুন কোনো আধিপত্য বা পরাধীনতার শৃঙ্খল মেনে নেওয়ার জন্য। এ প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করে তারেক রহমান বলেন, ২০০৯ সালের পর দেশে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, গুম, খুন, অপহরণ ও রাজনৈতিক নিপীড়নের অভিযোগ দেশের ইতিহাসে গভীর ক্ষত তৈরি করেছে। তাঁর দাবি, ওই সময়ে বিরোধী মতের মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল এবং নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হয়। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনও জনগণের গণতান্ত্রিক অধিকার হরণের উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলন দমনে ব্যাপক দমন-পীড়ন ও হত্যাকাণ্ড চালানো হয়েছিল। আবু সাঈদসহ অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে শেষ পর্যন্ত স্বৈরাচারী শাসনের অবসান ঘটে।

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের সময়কার অর্থনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করেছে। বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা এবং দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে সরকার দেশে-বিদেশে উদ্যোগ নিয়েছে।

সরকারের অগ্রাধিকার সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনগণের কাছে জবাবদিহির আওতায় আনা তাঁর সরকারের অন্যতম লক্ষ্য। পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি ও দুর্নীতি দমনেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যে বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। বাংলাদেশ সরাসরি কোনো পক্ষ না হলেও আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য ও সরবরাহের নেতিবাচক প্রভাব মোকাবিলা করতে হচ্ছে। শিল্পকারখানা ও উৎপাদনব্যবস্থা সচল রাখতে জ্বালানি খাতে সরকার প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে চাল, ডাল ও ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্যের আমদানি শুল্ক ও কর কমানোর কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। কোনো কোনো পণ্যের ক্ষেত্রে শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে বলেও জানান তিনি। বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি আসন্ন রমজান সামনে রেখে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান।

বিদেশি বিনিয়োগের বিষয়ে তারেক রহমান বলেন, চীন, তুরস্ক ও জাপানসহ কয়েকটি দেশ বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে নতুন শিল্পকারখানা, কর্মসংস্থান ও প্রযুক্তিগত উন্নয়নের সুযোগ তৈরি হবে। তবে বিভিন্ন দেশের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে চূড়ান্ত বিনিয়োগ চুক্তি হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। এ বিষয়ে বিরোধীদলীয় নেতার উত্থাপিত প্রশ্নের জবাব আগামী অধিবেশনে সংসদে দেওয়া হবে।

দেশের তৈরি পোশাকশিল্পে অস্থিরতা ও উৎপাদন ব্যাহত করার চেষ্টা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি প্রশ্ন তোলেন, বাংলাদেশের পোশাকশিল্পকে দুর্বল করে অন্য কোনো দেশকে সুবিধা দেওয়ার চেষ্টা চলছে কি না। শ্রমিকদের ন্যায্য অধিকার ও মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পকারখানার উৎপাদন অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের সমস্যা ও দাবির বিষয়ে সরকার সচেতন। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে নতুন মজুরি কাঠামো ঘোষণা এবং সে অনুযায়ী বেতন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। তবে দাবি আদায়ের আন্দোলনের নামে কর্মস্থলে ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা উৎপাদনব্যবস্থা ধ্বংস না করার আহ্বান জানান তিনি। কারণ কারখানা ক্ষতিগ্রস্ত হলে শ্রমিক, মালিক এবং সামগ্রিক অর্থনীতি—সব পক্ষই ক্ষতির মুখে পড়বে।

সংসদে দেওয়া বক্তব্যের শেষাংশে প্রধানমন্ত্রী আবারও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তাঁর আহ্বান, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রশ্নে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।