‘‘দেশ থেকে দেশান্তরে, ভয়েস অব পিপল সবার ঘরে’’

দেশের শিক্ষাব্যবস্থায় বড় সংকট, শিক্ষক নেই ২ লাখ ৫৩ হাজার ৯৪৫ পদে

দেশের শিক্ষাব্যবস্থায় বড় সংকট, শিক্ষক নেই ২ লাখ ৫৩ হাজার ৯৪৫ পদে

নিজস্ব প্রতিবেদক, ১৯ নভেম্বর :

দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের ২ লাখ ৫৩ হাজার ৯৪৫টি পদ শূন্য রয়েছে। সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি প্রতিষ্ঠান এবং মাদ্রাসায় শিক্ষক সংকটের এ চিত্র জাতীয় সংসদে তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৮ নভেম্বর) সংসদে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৮ হাজার ৭৪৭টি এবং সহকারী শিক্ষকের ১০ হাজার ২৪৭টি পদ খালি রয়েছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শূন্য পদ ৩ হাজার ৪৮টি, বেসরকারি মাধ্যমিকে ৮৫ হাজার ৩৩৩টি, কারিগরি প্রতিষ্ঠানে ১৪ হাজার ৬৯৭টি এবং মাদ্রাসায় ১ লাখ ১ হাজার ৮৭৩টি।

মন্ত্রী জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৭৫ হাজার ৭৩৮টি শিক্ষক পদের চাহিদা পাওয়া গেছে। বিধিমালা সংশোধনের পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের ১১ হাজার ১৫১টি পদ পূরণের কার্যক্রম চলছে।

সংসদে শহর ও গ্রামের শিক্ষার বৈষম্যের বিষয়টিও স্বীকার করেন শিক্ষামন্ত্রী। তাঁর মতে, গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠানে দক্ষ ও বিষয়ভিত্তিক শিক্ষক, অবকাঠামো এবং আধুনিক প্রযুক্তির সুযোগ এখনো সীমিত।

এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার ৮৮ দশমিক ০৪ শতাংশ এবং ঝরে পড়ার হার ১৬ দশমিক ২৫ শতাংশ বলে সংসদে জানানো হয়েছে।

শিক্ষামন্ত্রী আরও জানান, দেশের ইংলিশ মিডিয়াম ও আন্তর্জাতিক মানের স্কুলগুলোর প্রায় ৭০ শতাংশের যথাযথ নিবন্ধন বা অনুমোদন নেই। এসব প্রতিষ্ঠানকে বাধ্যতামূলক নিবন্ধন ও অভিন্ন নীতিমালার আওতায় আনার উদ্যোগ চলছে।

শিক্ষাব্যবস্থার এই বিপুল শিক্ষক সংকট দূর করতে দ্রুত নিয়োগ, গ্রামাঞ্চলে শিক্ষক পদায়ন এবং শিক্ষার মান নিশ্চিত করা এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।