ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি
দেশজুড়ে আগুন, হামলা ও গ্রেপ্তার: সংঘাত ছড়াচ্ছে বিভিন্ন জেলায়
নিজস্ব প্রতিবেদক, ১৯ নভেম্বর :
দেশে রাজনৈতিক সংঘাত ও সহিংসতা ক্রমেই ছড়িয়ে পড়ছে। একদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তার অভিযান চলছে, অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে সাবেক মন্ত্রী-এমপি ও রাজনৈতিক নেতাদের বাড়িঘর, দলীয় কার্যালয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব ঘটনায় প্রাণহানি, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
ড ম ইউনূসের বাড়িতে পেট্রলবোমা
চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে বুধবার রাত ১১টার দিকে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। এতে বাড়ির নিচতলায় আগুন ধরে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানার তিন নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাবেক মেয়র আ জ ম নাছিরের বাসায় তল্লাশি
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আ জ ম নাছির উদ্দিনের আন্দরকিল্লার বাসায় বুধবার রাতে তল্লাশি চালিয়েছে পুলিশ। তবে সেখানে তাঁকে পাওয়া যায়নি।
দীপু মনি, রেজাউল করিম ও শামীম ওসমানের বাড়িতে আগুন
চাঁদপুরে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির পরিত্যক্ত বাসায় আবারও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পিরোজপুরের নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। নারায়ণগঞ্জে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতেও আগুন দেওয়া হয়েছে।
আরও কয়েকটি বাড়ি ও আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ
সিরাজগঞ্জে সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের বাড়ি ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। পটুয়াখালীতে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসভবন এবং চাঁদপুরে আওয়ামী লীগ নেতা সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
কুমিল্লায় বাহারের বাড়িতে আগুন
সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের কুমিল্লার মুনসেফবাড়ির বাসভবনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। একই সময়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়।
গোপালগঞ্জে হাসপাতাল, থানা ও বিএনপি কার্যালয়ে হামলা
গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে মহড়া, সড়ক অবরোধ এবং বিভিন্ন স্থানে হামলার অভিযোগ উঠেছে। বিএনপি সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল ও তাঁর ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুকসুদপুর ও কাশিয়ানীসহ বিভিন্ন এলাকায় বিএনপির কার্যালয়েও হামলা হয়েছে।
এমপি জিলানীর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে মঙ্গলবার রাতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। বুধবারও বাড়িটির বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখা যায়। ঘরবাড়ি, আসবাবপত্র, ধান-চাল ও গোয়ালঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
টুঙ্গিপাড়ায় থানা কার্যত অচল
টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর পুলিশ সদস্যরা থানা ছেড়ে জেলা পুলিশ লাইনে চলে গেছেন। বিভিন্ন সড়কে গাছ ফেলে অবরোধ এবং পুলিশ ও বিজিবির যানবাহনে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে অতিরিক্ত ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
নড়াইলে বিএনপির দুই নেতা নিহত
নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় দুজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় বেন্দারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা ও পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম। বিএনপির অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।
সংঘর্ষের ভিডিও করতে গিয়ে পথচারী নিহত
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়ে আবু ইউসুফ নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে তক্কার মাঠ এলাকায় সংঘর্ষের দৃশ্য মোবাইলে ধারণ করার সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
খুলনা ও বাগেরহাট থেকে ঢাকাগামী বাস বন্ধ
গোপালগঞ্জে সহিংসতা ও সড়ক অবরোধের কারণে নিরাপত্তার কথা বিবেচনা করে খুলনা ও বাগেরহাট থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহনমালিকেরা। এতে বিপাকে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। অভ্যন্তরীণ কিছু রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
বরিশালে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন
বরিশাল নগরে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয় এবং সরকারি বিএম কলেজের সামনে বুধবার ভোরে পৃথক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
চলন্ত বাসে পেট্রলবোমা
কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাস লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১১টার দিকে জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। বাসের সামনের কাচ ক্ষতিগ্রস্ত হলেও প্রায় অর্ধশত যাত্রীর কেউ হতাহত হননি।
সিলেট সীমান্তে বিস্ফোরক উদ্ধার
সিলেটের কানাইঘাট সীমান্তের নুনছড়া চা-বাগান এলাকা থেকে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করেছে বিজিবি। সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। সীমান্ত নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বাড়ছে রাজনৈতিক অস্থিরতা
আগামী ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজনৈতিক সংঘর্ষ, অগ্নিসংযোগ, প্রাণহানি ও গণপরিবহন বন্ধের ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ।