বিলেতি বিকেল—স্বল্পদৈর্ঘ্যে সময়ের ছবি, জীবনের প্রতিচ্ছবি

বিলেতি বিকেল ।। ৪ ।। মমতা কি মরে যাচ্ছে, মানুষ এত নিষ্ঠুর হচ্ছে কেন?

বিলেতি বিকেল ।। ৪ ।।  মমতা কি মরে যাচ্ছে, মানুষ এত নিষ্ঠুর হচ্ছে কেন?

চার বছরের ছোট্ট শিশু আসফিয়া জাহান নূর নূর। পৃথিবীর নিষ্ঠুরতা বোঝার বয়সও হয়নি তার। অথচ ঢাকার বনশ্রীতে নিজের মায়ের হাতেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। হত্যার আগে সেই মা শিশুটির বাবাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়ে জানাচ্ছেন—‘তোর মেয়েকে মেরে ফেলছি!’ এ কেমন প্রতিশোধ? স্বামী-স্ত্রীর বিরোধে চার বছরের শিশুটি কী অপরাধ করেছিল?

এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশে ইদানীং শিশু হত্যা, পারিবারিক সহিংসতা, আপনজনের হাতে আপনজনের মৃত্যু এবং প্রতিশোধের নামে নৃশংসতার খবর প্রায়ই আসছে। যে দেশকে আমরা মায়া-মমতা ও মানবিকতার দেশ বলে জানি, সেই দেশের মানুষের মধ্যে এমন নিষ্ঠুরতা কেন?

সমস্যা শুধু দারিদ্র্য কিংবা অর্থনৈতিক সংকট নয়। মানুষের মধ্যে সহনশীলতা কমছে, বাড়ছে অসহিষ্ণুতা, ক্রোধ ও প্রতিশোধপরায়ণতা। সংসারে মতের অমিল হলেই সমঝোতার বদলে শুরু হচ্ছে নির্যাতন। কখনো সন্তানকে পর্যন্ত স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের হাতিয়ার বানানো হচ্ছে।

আমরা সন্তানকে ভালো স্কুলে পড়াই, দামি পোশাক কিনে দিই, ভবিষ্যতের জন্য অর্থ জমাই। কিন্তু তাকে মানবিক মানুষ হওয়ার শিক্ষা দিচ্ছি তো? রাগ নিয়ন্ত্রণ, অন্যের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা কি আমাদের পারিবারিক শিক্ষার অংশ?

আইনের শাসন দুর্বল হলে, অপরাধের বিচার বিলম্বিত হলে এবং পারিবারিক নির্যাতনকে ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে গেলে এমন নিষ্ঠুরতার ঝুঁকি থেকেই যায়। প্রয়োজন কঠোর বিচার, পারিবারিক কাউন্সেলিং এবং শিশুদের নিরাপত্তায় কার্যকর সামাজিক ব্যবস্থা।

একটি সমাজের সভ্যতা তার উঁচু দালান, বড় রাস্তা কিংবা জিডিপি দিয়ে মাপা যায় না; মাপা যায় তার সবচেয়ে অসহায় শিশুটি কতটা নিরাপদ, তা দিয়ে।

বনশ্রীর নূর আর ফিরবে না। কিন্তু তার মৃত্যু আমাদের সামনে একটি নির্মম প্রশ্ন রেখে গেল—আমরা কি সত্যিই সভ্য হচ্ছি, নাকি আধুনিকতার পোশাক পরে ক্রমেই নিষ্ঠুর হয়ে উঠছি?

মানুষের হাতে প্রযুক্তি বাড়ছে, কিন্তু হৃদয়ে মমতা কমছে কেন?

লন্ডন, ১৯ নভেম্বর ২০২৬