প্রিন্স অ্যান্ড্রু গ্রেফতার: ক্ষমতার অপব্যবহারের অভিযোগে নজিরবিহীন পদক্ষেপ
ভয়েস অব পিপল রিপোর্ট, ১৯ ফেব্রুয়ারি: যুক্তরাজ্যের রাজপরিবার ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক ব্রিটিশ প্রিন্স Prince Andrew-কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ তথ্য প্রকাশ করে বিবিসি।
রাজা তৃতীয় চার্লস এর ভাই অ্যান্ড্রু আগেই ‘প্রিন্স’ উপাধি হারিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী Jeffrey Epstein-এর সঙ্গে তার সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকেই তিনি ব্যাপক সমালোচনার মুখে ছিলেন। সর্বশেষ গ্রেফতার সেই বিতর্ককে আরও তীব্র করে তুলেছে।
দি টেলিগ্রাফ জানিয়েছে, যুক্তরাজ্যের আধুনিক ইতিহাসে এ ধরনের ঘটনায় রাজপরিবারের এত উচ্চপর্যায়ের সদস্যকে গ্রেফতার করা একেবারেই নজিরবিহীন।
পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের অংশ হিসেবেই নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। যদিও সরকারি বিধিনিষেধের কারণে আনুষ্ঠানিক বিবৃতিতে তার নাম প্রকাশ করা হয়নি। তদন্তের আওতায় বার্কশায়ার ও নরফোকের একাধিক ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে। গ্রেফতার ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
থেমস ভ্যালি পুলিশ এক বিবৃতিতে বলেছে, মামলাটি বিচারাধীন থাকায় আদালত অবমাননা এড়াতে সংবাদ প্রকাশে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।
এদিকে সহকারী প্রধান কনস্টেবল অলিভার রাইট জানিয়েছেন, অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার পরই তদন্ত শুরু করা হয়েছে। বর্তমানে আটটি পৃথক সংস্থা অ্যান্ড্রুর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখছে। এর মধ্যে সরকারি ক্ষমতার অপব্যবহারের পাশাপাশি তার মাধ্যমে কোনো নারী পাচার হয়েছে কি না—সেই অভিযোগও তদন্তাধীন।
রাজা তৃতীয় চার্লস ইতোমধ্যে জানিয়েছেন, চলমান পুলিশি তদন্তে তার পূর্ণ সমর্থন থাকবে।
রাজতন্ত্রের ইতিহাসে এই ঘটনা একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে। তদন্তের অগ্রগতি ও আদালতের পরবর্তী পদক্ষেপ এখন পুরো দেশের নজরে।