আরএএফ ঘাঁটির কাছে বিস্ফোরক-সন্দেহে কয়েকজন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী পুলিশের তদন্ত

আরএএফ ঘাঁটির কাছে বিস্ফোরক-সন্দেহে কয়েকজন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী পুলিশের তদন্ত

ভয়েস অব পিপল রিপোর্ট, ২৭ সেপ্টেম্বর:

যুক্তরাজ্যের গ্লস্টারশায়ারে মার্কিন বিমানবাহিনী ব্যবহৃত আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটির কাছে বিস্ফোরক-সংক্রান্ত অপরাধের সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তারের পর বড় ধরনের নিরাপত্তা অভিযান শুরু হয়েছে। ঘটনাটি এখন সন্ত্রাসবিরোধী পুলিশ তদন্ত করছে বলে ব্রিটিশ সরকারি সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।

ঘটনাটি ঘটেছে ঘাঁটির কাছের ওয়েলফোর্ড এলাকায়। গ্লস্টারশায়ার পুলিশ জানিয়েছে, বিস্ফোরক আইনের অধীনে অপরাধের সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তারের পর ওই এলাকায় ‘মেজর ইনসিডেন্ট’ ঘোষণা করা হয়। কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে কাছের একটি লেজার সেন্টারে নেওয়া হয়েছে।

ব্রিটিশ সেনাবাহিনীর বিশেষায়িত বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে গিয়ে কয়েকটি যানবাহন পরীক্ষা করছে। এলাকাটি ঘিরে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে এবং পুলিশ জানিয়েছে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে প্রায় ৩০টি জরুরি সেবার গাড়ি দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ঘাঁটির প্রধান প্রবেশপথে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সাম্প্রতিক সময়ে সেখানে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছিল। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সঙ্গে আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটির সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, পুলিশ এখনো নিশ্চিত করেনি।

আরএএফ ফেয়ারফোর্ড যুক্তরাজ্যের গ্লস্টারশায়ারে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামরিক বিমানঘাঁটি, যেখানে মার্কিন বিমানবাহিনীর ভারী বোমারু বিমান পরিচালিত হয়। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ঘাঁটিটির কৌশলগত গুরুত্বও বেড়েছে। তবে বর্তমান ঘটনার উদ্দেশ্য বা সম্ভাব্য লক্ষ্য সম্পর্কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি কর্তৃপক্ষ।