ইরান যুদ্ধের কারণে যুক্তরাজ্যে কর্মঘণ্টা ও সড়ক ব্যবস্থায় পরিবর্তনের সম্ভাবনা
বিশেষজ্ঞ সতর্ক করলেন: ব্রিটিশরা চার দিনের কর্মসপ্তাহের জন্য প্রস্তুত থাকুন
ভয়েস অব পিপল রিপোর্ট, ২৮ মার্চ:
ইসরাইল-আমেরিকা ও ইরান যুদ্ধের প্রভাব বিশ্বজুড়ে তেলের সরবরাহে ভাঙন নিয়ে এসেছে। যুক্তরাজ্যের নাগরিকদের জন্য এটি অর্থনৈতিক ও দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, যদি যুদ্ধের কারণে জ্বালানীর দাম বৃদ্ধি পায়, তবে সরকার গাড়ি চালকদের নির্দিষ্ট দিনে সড়কে চলাচল করতে বাধ্য করতে পারে।

নিক বাটলার, প্রাক্তন বিপি (BP) কৌশল প্রধান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের নীতি উপদেষ্টা বলেন, "সরবরাহ যদি ২০% কমে যায়, তবে মানুষ ২০% কম তেল ব্যবহার করবে। সরকারকে গুরুত্বপূর্ণ খাত—খাদ্য, স্বাস্থ্য, স্কুল ইত্যাদি—রক্ষা করতে হবে এবং তারপর বাকিদের জন্য বাজার পরিচালনা করতে হবে।"

বিশ্বের অনেক দেশ ইতিমধ্যেই খরচ হ্রাসের পদক্ষেপ নিচ্ছে, যেমন আল্টারনেট দিনে গাড়ি চলাচল এবং সপ্তাহে একদিন অতিরিক্ত ছুটি।
ইরান মার্কিন ও ইসরায়েলি সামরিক পদক্ষেপের জবাবে হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করছে। এই প্রভাবের কারণে তেলের দাম ব্যারেল প্রতি $১২০ পর্যন্ত পৌঁছেছে, এবং যুক্তরাজ্যে প্রতি লিটার পেট্রলের দাম বেড়ে ১৪৬.৪ পেন্সে, ডিজেলের দাম ১৬৯.৮ পেন্সে পৌঁছেছে।
গবেষণা প্রতিষ্ঠান RAC ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে ব্রিটিশ চালকদের অতিরিক্ত £৩০৭ মিলিয়ন খরচ হয়েছে।
নিক বাটলার যোগ করেন, "সরকারকে অরাজক পরিস্থিতি এড়িয়ে ধীরে ধীরে খরচ কমানোর উপায় বের করতে হবে। এটা রেশন বইয়ের মতো হবে না।"