ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি

বিয়ে করে আপন শালী, মুখে মাখলো চুনকালি, এখন দিচ্ছে শালীকে বলী

বিয়ে করে আপন শালী, মুখে মাখলো চুনকালি, এখন দিচ্ছে শালীকে বলী

ভয়েস অব পিপল রিপোর্ট, ২৮ অক্টোবর :

নওগাঁয় প্রথম স্ত্রীকে সঙ্গে রেখেই আপন শ্যালিকাকে বিয়ে করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেওয়া টিকটকার ও আইনজীবীর সহকারী মাসুদ রানা এবার শ্যালিকাকে তালাক দেওয়ার ঘোষণা দিয়েছেন। বিয়ের পর স্থানীয়দের ক্ষোভের মুখে তাঁর মুখে চুন-কালি মেখে এলাকাছাড়া করার অভিযোগ ওঠে। এবার ফেসবুক লাইভে এসে নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন তিনি।

মাসুদ রানা নওগাঁ বদলগাছী উপজেলার বাসিন্দা। তাঁর প্রথম স্ত্রী মৌসুমীর বয়স ২৮ বছর এবং শ্যালিকা পূর্ণিমার বয়স ২১ বছর। গত ২৫ অক্টোবর প্রথম স্ত্রীর ছোট বোন পূর্ণিমাকে বিয়ে করেন তিনি। দুই বোনের নাম আবার সিনেমার বিখ্যাত দুই নায়িকার নামে আর মাসুদ রানার নাম এক সিনেমার নায়কের নামে!। বদলগাছীর মাসুদ স্ত্রী অদলবদল করতে গিয়ে এখন চরম অপমানের শিকার হচ্ছেন সবখানে।

মাসুদের দাবি, প্রথম স্ত্রী মৌসুমীর সম্মতি ও সহযোগিতা নিয়েই এই বিয়ে করেন। পূর্ণিমার অন্যত্র বিয়ে হলে আগে ধারণ করা তাঁদের কিছু টিকটক ভিডিও নিয়ে হয়রানির আশঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান তিনি।

বিয়ের পর দুই স্ত্রীকে নিয়ে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। শুরু হয় তীব্র সমালোচনা। এর জেরে ২৬ অক্টোবর রাতে মহাদেবপুর উপজেলার মাতাজি বিরামগ্রাম এলাকায় স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন মাসুদ। একপর্যায়ে তাঁর মুখে চুন-কালি মাখিয়ে এলাকা থেকে বের করে দেওয়া হয় বলে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।

ঘটনার পর মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে ফেসবুক লাইভে এসে মাসুদ রানা নিজের সিদ্ধান্তকে ভুল বলে স্বীকার করেন। তিনি বলেন, প্রথম স্ত্রীকে তালাক না দিয়ে তাঁর ছোট বোনকে বিয়ে করাই ছিল তাঁর সবচেয়ে বড় ভুল। বিষয়টির সামাজিক ও ধর্মীয় পরিণতি বুঝতে পারেননি দাবি করে তিনি সবার কাছে ক্ষমা চান। একই সঙ্গে শ্যালিকা পূর্ণিমাকে বলী, মানে বিসর্জন, মানে তালাক দেওয়ার ঘোষণাও দেন।

ইসলামি বিধান অনুযায়ী, কোনো পুরুষের জন্য একই সময়ে দুই বোনকে স্ত্রী হিসেবে রাখা নিষিদ্ধ। পবিত্র কোরআনের সুরা আন-নিসার ২৩ নম্বর আয়াতে এ নিষেধাজ্ঞা উল্লেখ রয়েছে। প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তাঁর আপন বোনকে বিয়ে করার বিষয়টি তাই ধর্মীয়ভাবে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।

একজন আইনজীবীর সহকারি হয়েও মাসুদ রানা বা তার প্রথম স্ত্রী বা শালী বা বিয়ের কাজী এই সাধারণ তথ্যটি জানেন না-এমন অজ্ঞতায় দেশবাসি বিষ্ময় প্রকাশ করছেন। আর এই সাধারণ আইনী বিষয় না জেনে, মাসুদ রানা কিভাবে আইনজীবীর সহকারি হিসাবে এতদিন কাজ করছিলেন তা নিয়েও জনগনের মধ্যে প্রশ্নের সৃষ্টি হয়েছে। 

মাসুদ এখন নওগাঁ শহরে অবস্থান করছেন বলে পুলিশের বরাতে সংবাদমাধ্যম জানিয়েছে। অন্যদিকে তাঁর দুই স্ত্রী শ্বশুরবাড়িতে রয়েছেন বলে মহাদেবপুর থানার পুলিশ জানিয়েছে।

বিয়ের সিদ্ধান্তে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড়, এরপর স্থানীয়দের ক্ষোভ এবং শেষ পর্যন্ত তালাকের ঘোষণা—সব মিলিয়ে কয়েক দিনের ব্যবধানেই উল্টো পথে হাঁটতে হলো আলোচিত এই টিকটকারকে।