তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদের জন্য—ভয়েস অব পিপল
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে ৬৪ নিহত, আহত ৫৮
ইউরোপ প্রতিনিধি, ২৮ অক্টোবর :
স্পেনের তোলেদো প্রদেশে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে ৬৪ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন বলে গার্ডিয়ানের লাইভ আপডেটে উল্লেখ করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রকাশিত ওই তথ্যে বলা হয়েছে, নিহতদের মধ্যে বেসরকারি সংস্থা আইরিও পরিচালিত ট্রেনের ৪০ জন এবং রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের এভিই ট্রেনের ২৪ জন যাত্রী রয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে উর্দা এলাকার কাছে, মাদ্রিদ থেকে দক্ষিণ স্পেনের সেভিয়াগামী রেলপথে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এভিই ট্রেনটি লাইনে দাঁড়িয়ে থাকা আইরিও ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
দুটি ট্রেনে মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন বলে স্পেনের আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে। উদ্ধারকাজ চলাকালে হতাহতের সংখ্যা নিয়ে বিভিন্ন সময় নতুন তথ্য প্রকাশিত হয়েছে।
দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে উচ্চগতির রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। উদ্ধারকর্মী ও চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।
চলতি বছরের ১৮ জানুয়ারি কর্দোবার আদামুজে আরেকটি রেল দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছিলেন। নতুন দুর্ঘটনাটি স্পেনের রেল নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ তৈরি করেছে।