বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় যুক্তরাজ্য

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় যুক্তরাজ্য

বিশ্ব সংবাদ ডেস্ক, ২৯ জুলাই: ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৃহস্পতিবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বৈশ্বিক প্রতিকূলতার মোকাবিলায় দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার তাগিদ দিয়েছেন। ২০১৮ সালের পর এটি কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর।

বৈঠকে স্টারমার বলেন, “চীন এখন বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের মধ্যে আরও পরিণত সম্পর্ক গড়ে তোলা জরুরি, যেখানে সহযোগিতার পথ খোঁজার পাশাপাশি মতভেদের বিষয়গুলো নিয়ে অর্থবহ সংলাপ হবে।”

প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠকে বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও শান্তি রক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, “চীন ও যুক্তরাজ্যের মধ্যে সংলাপ ও সহযোগিতা জোরদার করা উভয় দেশের অর্থনীতি এবং জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ। ভালো কিছু অর্জনে প্রায়ই বাধা আসে, তবে নেতৃত্বের সাহস নিয়ে এগিয়ে যেতে হবে।”

বৈঠক শেষে দুই নেতা একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। স্টারমার শনিবার পর্যন্ত চীনে অবস্থান করবেন। সফরের প্রথম দিনে তিনি চীনের তৃতীয় শীর্ষ পদমর্যাদার কর্মকর্তা ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ করেন। শুক্রবার তিনি চীনের অর্থনৈতিক কেন্দ্র সাংহাই ভ্রমণ করবেন, এরপর জাপানে গিয়ে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন।

ডাউনিং স্ট্রিটের তথ্য অনুযায়ী, অবৈধ অভিবাসন ঠেকাতে যুক্তরাজ্য ও চীনের মধ্যে একটি সহযোগিতামূলক চুক্তি সই হওয়ার প্রক্রিয়া চলছে।

বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের অনিশ্চিত নীতির প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলো চীনের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে। স্টারমারের এই সফর সেই প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।