‘‘দেশ থেকে দেশান্তরে, ভয়েস অব পিপল সবার ঘরে’’
দখল-চাঁদাবাজি ও সন্ত্রাস নিয়ে ৩৮ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ
ভয়েস অব পিপল রিপোর্ট, ২৯ সেপ্টেম্বর: দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক প্রভাব ও পেশিশক্তি ব্যবহার করে জমি-বাড়ি দখল, খাসজমি থেকে ভূমিহীন উচ্ছেদ, হামলা, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ৩৮ জন বিশিষ্ট নাগরিক। তাঁদের মতে, এসব ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রবণতা স্পষ্ট হচ্ছে।


বিভিন্ন ঘটনায় উদ্বেগ
এক বিবৃতিতে তাঁরা বলেন, বিভিন্ন জেলায় ভূমি ও বাড়ি দখল, চর ও খাসজমি থেকে ভূমিহীনদের উচ্ছেদ এবং বাড়িঘরে হামলার অভিযোগ পাওয়া যাচ্ছে। রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় হামলা ও জমি দখলের অভিযোগও বিবৃতিতে তুলে ধরা হয়। ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও উল্লেখ করা হয়েছে।
চরাঞ্চলে দখলের অভিযোগ
পটুয়াখালীর চরবাংলা, নোয়াখালীর ভাটিরটেক ও চরফ্যাশন এবং ভোলার বিভিন্ন চরসহ কয়েকটি এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভূমিহীনদের উচ্ছেদ ও জমি দখলের অভিযোগ করেছেন তাঁরা। কোথাও কোথাও জমির ফসল লুটের অভিযোগও রয়েছে।
একই সঙ্গে রাজধানীসহ বিভিন্ন শহরে ছিনতাই এবং নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাঁরা বলেন, এসব ঘটনা জননিরাপত্তার জন্যও বড় উদ্বেগের বিষয়।
নিরপেক্ষ তদন্তের দাবি
বিবৃতিদাতারা অভিযোগ করেন, এসব ঘটনার সঙ্গে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি ও বিভিন্ন গোষ্ঠীর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কোনো সদস্যের সম্পৃক্ততার অভিযোগও উঠেছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে দ্রুত উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
তাঁদের মতে, তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তি, গোষ্ঠী ও পৃষ্ঠপোষকদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য সরকারের জবাবদিহিও নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
৩৮ নাগরিকের নাম
সুলতানা কামাল, আনু মুহাম্মদ, খুশী কবির, শিরীন পারভিন হক, ইফতেখারুজ্জামান, আবু সাঈদ খান, জেড আই খান পান্না, সারা হোসেন, শাহীন আনাম, শহিদুল আলম, স্বপন আদনান, শামসুল হুদা, সামিনা লুৎফা, সুমাইয়া খায়ের, গীতি আরা নাসরীন, জোবাইদা নাসরীন, তাসনিম সিরাজ মাহবুব, নোভা আহমেদ, ফিরদৌস আজিম, রেহনুমা আহমেদ, সাঈদ ফেরদৌস, সুব্রত চৌধুরী, নায়লা খান, মো. নূর খান, পাভেল পার্থ, ঈশিতা দস্তিদার, মনিন্দ্র কুমার নাথ, রোজিনা বেগম, জাকির হোসেন, সাইদুর রহমান, সালেহ আহমেদ, রেজাউল করিম চৌধুরী, শাহেদ কায়েস, মিঠুন রাকসাম, সাঈদ আহমেদ, দীপায়ন খীসা, হানা শামস আহমেদ ও মুক্তাশ্রী চাকমা।