‘‘দেশ থেকে দেশান্তরে, ভয়েস অব পিপল সবার ঘরে’’
৬ দিন ধরে অচল বাংলাদেশের ভিসা পোর্টাল, বিদেশে মিশনগুলোর সেবায় বিঘ্ন
ভয়েস অব পিপল রিপোর্ট, ২৯ সেপ্টেম্বর :
বাংলাদেশের সরকারি অনলাইন ভিসা আবেদন পোর্টালে কারিগরি ত্রুটির কারণে টানা ছয় দিন ধরে নতুন ভিসা আবেদন করা যাচ্ছে না। গত ২৩ সেপ্টেম্বর থেকে পোর্টালটি কার্যত অচল থাকায় বাংলাদেশে আসতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের ভিসা আবেদন এবং বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনে ভিসা ও এনভিআর সেবা ব্যাহত হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। একই সঙ্গে জানা গেছে, বাংলাদেশের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) কেন্দ্রীয় ব্যবস্থার কারিগরি সমস্যার কারণে মেশিন রিডেবল ভিসা বা এমআরভি সার্ভার বর্তমানে কাজ করছে না। ফলে বিদেশে বাংলাদেশের সব মিশনই কমবেশি একই সমস্যার মুখোমুখি হয়েছে।
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনও এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংশ্লিষ্ট সিস্টেমে কারিগরি সমস্যার কারণে এনভিআর অনুমোদন ও ভিসা প্রক্রিয়াকরণে বিলম্ব হচ্ছে। স্বাভাবিক সেবা কখন পুরোপুরি চালু হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময় জানানো হয়নি।
সরকার জানিয়েছে, কারিগরি সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। আবেদনকারীদের অতিরিক্ত সময় দেওয়ার অনুরোধ করা হয়েছে। সিস্টেম স্বাভাবিক হলে সংশ্লিষ্ট বাংলাদেশি মিশনের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে তা জানানো হবে।
ভিসা ও এনভিআর সেবা বাংলাদেশের সঙ্গে বিদেশি নাগরিক, প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের ভ্রমণ এবং বাংলাদেশে যাতায়াতের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ায় দীর্ঘস্থায়ী এই কারিগরি সমস্যা নিয়ে আবেদনকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।