ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি

সিলেট শহরে ব্যাংকে বেতন তুলতে গিয়ে প্রাণ হারালেন স্কুলশিক্ষক

সিলেট শহরে ব্যাংকে বেতন তুলতে গিয়ে প্রাণ হারালেন স্কুলশিক্ষক

সিলেট প্রতিনিধি, ৩১ জুলাই: প্রতিদিনের মতো সকালেই বিদ্যালয়ে এসেছিলেন। শিক্ষার্থীদের ক্লাসও নিয়েছিলেন যথারীতি। এরপর হাতে পাওয়া বেতনের চেক ভাঙাতে ব্যাংকের উদ্দেশে বের হন। কিন্তু সেই যাত্রাই হয়ে ওঠে জীবনের শেষ পথচলা। সিলেট নগরীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক স্কুলশিক্ষক।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে নগরীর ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে বাংলাদেশ বেতারের সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুরাদ আহমদ (৫৯) ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক। তিনি সিলেট নগরের মাছিমপুর এলাকার বাসিন্দা ছিলেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকালে নিয়মিত পাঠদান শেষে বেতনের চেক হাতে নিয়ে ব্যাংকে যাওয়ার জন্য স্কুল থেকে বের হন তিনি। সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

এদিকে সিলেট কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশার চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শিক্ষকের আকস্মিক মৃত্যুতে ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুজিবুর রহমান বলেন, আর মাত্র তিন মাস পরই মুরাদ আহমদের অবসরে যাওয়ার কথা ছিল। দীর্ঘ শিক্ষকতা জীবনের শেষ প্রান্তে এসে এমন মর্মান্তিক মৃত্যু শিক্ষক, শিক্ষার্থী ও সহকর্মীদের গভীরভাবে শোকাহত করেছে।

তিনি আরও জানান, শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ করে দিতে মরদেহ বিদ্যালয়ে আনা হবে, যাতে সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকেরা প্রিয় শিক্ষকের প্রতি সম্মান জানাতে পারেন।

এই দুর্ঘটনা আবারও নগরীর সড়ক নিরাপত্তা এবং বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণের প্রশ্নটি সামনে এনে দিয়েছে। স্থানীয়দের দাবি, ব্যস্ত সড়কগুলোতে কঠোর নজরদারি ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত না হলে এ ধরনের প্রাণহানি রোধ করা কঠিন হবে।