ছেলে আরিয়ানের পরিচালনায় শাহরুখ

ছেলে আরিয়ানের পরিচালনায় শাহরুখ

বলিউডের স্টার কিড হিসেবে ব্যাপক জনপ্রিয় আরিয়ান। বলিউড বাদশার সন্তান হিসেবে অন্যান্য তারকারদের সন্তানদের চেয়ে একটু বেশিই এগিয়ে আরিয়ান।

শৈশব থেকে প্রচারের আলোর মধ্যেই বেড়ে উঠেছেন আরিয়ান। লাইট, ক্যামেরা, অ্যাকশন কথাগুলো নিত্যসঙ্গী। বড় হয়ে বাবার ভুবনের বাসিন্দা হবেন কি না, তা নিয়ে জল্পনা-কল্পনা অনেক দিনের। অবশেষে মিলল উত্তর।

বিনোদনের জগতে পা রাখলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। তবে, ক্যামেরার সামনে নয়, ক্যামেরার নেপথ্যে থেকেই পথচলা শুরু হলো জুনিয়র খানের। পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করলেন আরিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের ছবি পোস্ট করলেন গর্বিত বাবা। সেই ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নিলেন আরিয়ানের বোন সুহানাও।

অভিনয় থেকে পরিচালনা-ই তাকে বেশি টানে। এ কথা আগেই জানিয়েছিলেন শাহরুখ পুত্র আরিয়ান। নিজের প্রথম চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করার কথাও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন আরিয়ান।

তবে তার আগে নিজের ‘লাক্সারি স্ট্রিটওয়্যার’ ব্র্যান্ড লঞ্চ করলেন তিনি। সেই ব্র্যান্ডের নাম রেখেছেন ‘ডি’ইয়াভল এক্স’। সদ্য মুক্তি পেয়েছে তার টিজার। সেই টিজারে এক ঝলক দেখা গেল শাহরুখ খানকে।

ছেলের ব্র্যান্ড লঞ্চ করলে তার মুখ যে শাহরুখই হবেন, তা কিছুটা প্রত্যাশিত। তবে সবাইকে চমকে দিয়ে শাহরুখ জানালেন, ‘ডি’ইয়াভল এক্স’-এর প্রথম বিজ্ঞাপন পরিচালনাও করেছেন আরিয়ান নিজেই। শুধু তা-ই নয়, নিজের প্রথম কাজে বলিউডের বাদশাকে ‘অ্যাকশন’ বলার সুযোগ পেয়েছেন তিনি।

শুটিং সেট থেকে আরিয়ানের ছবিও পোস্ট করলেন বলিউডের বাদশা। মনিটরের সামনে একদৃষ্টে তাকিয়ে আছেন জুনিয়র খান। মন দিয়ে দৃশ্য ধারণের বিষয়টি পরীক্ষা করছেন তিনি। ‘ডি’ইয়াভল এক্স’-এর পক্ষ থেকে পোস্ট করা হয়েছে শাহরুখের একটি ছবিও। আলো-আঁধারি মেশানো সেটে দাঁড়িয়ে রয়েছেন বাদশা।

বিজ্ঞাপন

আরিয়ানের ব্র্যান্ডের মুখ শাহরুখ হলেও, একটি পোস্টারে দেখা গিয়েছে তাকেও। এক ঝাঁক তরুণ-তরুণীর সঙ্গে তার ব্র্যান্ডেরই পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন আরিয়ান। ক্যামেরার পিছনে ও সামনে যে সমান সাবলীল তিনি, তা স্পষ্ট ওই ছবি থেকেই।

গত বছর শেষে দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ক্রিপ্টের ছবি পোস্ট করেন আরিয়ান খান। ছবি পোস্ট করে আরিয়ান জানান, চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে। এবার শুধু ‘অ্যাকশন’ বলার অপেক্ষা।

শাহরুখ-পুত্রের প্রথম পরিচালিত সিনোমর অপেক্ষায় মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। তার আগেই তাদের নতুন উপহার দিলেন আরিয়ান। এবার তার ব্র্যান্ডের বিজ্ঞাপন মুক্তি পাওয়ার অপেক্ষা।