‘‘দেশ থেকে দেশান্তরে, ভয়েস অব পিপল সবার ঘরে’’
১ অক্টোবর থেকে ব্রিটেনে বাড়ল জ্বালানি বিল, শীতের আগে নতুন চাপ পরিবারগুলোর
ভয়েস অব পিপল রিপোর্ট, ১ অক্টোবর:
আজ থেকে ব্রিটেনের লাখ লাখ পরিবারের জ্বালানি ব্যয়ের নতুন হার কার্যকর হয়েছে। Ofgem-এর নতুন Energy Price Cap অনুযায়ী, ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত গ্যাস ও বিদ্যুতের গড় বার্ষিক বিল ধরা হয়েছে £1,723—আগের নির্ধারিত £1,663-এর তুলনায় প্রায় ৪ শতাংশ বা বছরে £60 বেশি। এই হিসাব ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে Direct Debit-এ বিল দেওয়া একটি গড় পরিবারের জন্য।
তবে এবারের হিসাবের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন রয়েছে। ১ অক্টোবর ২০২৬ থেকে ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত ঘরোয়া বিদ্যুৎ বিলের ওপর VAT সাময়িকভাবে শূন্য করা হয়েছে। ফলে বিদ্যুতের ক্ষেত্রে করের চাপ কমলেও গ্যাসের পাইকারি বাজারদরসহ অন্যান্য ব্যয় বেড়ে যাওয়ায় পরিবারের মোট জ্বালানি ব্যয় আবারও বাড়ছে।
নতুন হারে Direct Debit গ্রাহকদের জন্য বিদ্যুতের গড় ইউনিট মূল্য প্রতি কিলোওয়াট-ঘণ্টায় ২৬.৩২ পেন্স এবং দৈনিক Standing Charge ৫৪.৮৩ পেন্স। গ্যাসের ইউনিট মূল্য বেড়ে হয়েছে ৭.৯৭ পেন্স, আর দৈনিক Standing Charge ২৯.৬৮ পেন্স।
সব পরিবারের বিল অবশ্য £1,723 হবে না। এটি একটি গড় ব্যবহারের হিসাব; প্রকৃত বিল নির্ভর করবে পরিবার কতটা গ্যাস-বিদ্যুৎ ব্যবহার করে, কোথায় বসবাস করে, কোন ধরনের মিটার রয়েছে এবং কী ধরনের ট্যারিফে রয়েছে তার ওপর। Fixed-rate tariff-এ থাকা গ্রাহকের ক্ষেত্রে এই Price Cap সরাসরি প্রযোজ্য নয়।
এর মধ্যেই আগামী জানুয়ারিতে আরও বড় চাপের আশঙ্কা তৈরি হয়েছে। Cornwall Insight-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারিতে Energy Price Cap প্রায় ১৬ শতাংশ বেড়ে £1,999-এর কাছাকাছি যেতে পারে। আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের সংঘাতকে সম্ভাব্য বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এটি এখনো পূর্বাভাস, চূড়ান্ত মূল্য নয়।
জ্বালানি ব্যয় নিয়ে সরকারের ওপরও চাপ বাড়ছে। বর্তমান পরিস্থিতিতে শীতের মাসগুলোতে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর ওপর বাড়তি চাপ কীভাবে কমানো যায়, তা নিয়ে বাজেটের আগে আলোচনা চলছে।