‘স্বাধীনতার প্রথম ঘোষণা দিয়েছিলেন ড. কর্নেল (অব.) অলি আহমদ: ডা: শফিকুর রহমান
বাংলাদেশ প্রতিনিধি, ২ ফেব্রুয়ারি :
চট্টগ্রাম থেকে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার প্রথম ঘোষণা জিয়াউর রহমান নন, বরং এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম দিয়েছিলেন—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
২ ফেবুয়ারি সোমবার চট্টগ্রাম নগরীর বন্দর কলেজ মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই নতুন অভিনব বক্তব্য দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান।
ডা. শফিকুর রহমান বলেন, চট্টগ্রাম বাংলাদেশের সংগ্রামী ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্নে এখান থেকেই স্বাধীনতার প্রথম ডাক উচ্চারিত হয়েছিল। তাঁর ভাষায়, চট্টলাবাসীর গর্বিত সন্তান ড. কর্নেল (অব.) অলি আহমদ সর্বপ্রথম ‘উই রিভল্ট’ বলে জাতিকে প্রতিরোধের পথে আহ্বান জানান। পরে তিনি জিয়াউর রহমানকে হাতে ধরে সামনে এগিয়ে নিয়েছিলেন বলেও উল্লেখ করেন জামায়াত আমির।
সমাবেশে ডা. শফিকুর রহমান কর্নেল অলি আহমদের উদ্ধৃতি দিয়ে বলেন, কর্নেল অলি নিজেই আক্ষেপ করে বলেন যে তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন এবং জাতীয়তাবাদী রাজনীতির ভিত্তি গঠনে জিয়াউর রহমানের পরে দ্বিতীয় ব্যক্তি ছিলেন। কিন্তু বর্তমানে তিনি বিএনপিতে নেই, কারণ এটি আর শহীদ জিয়াউর রহমান কিংবা বেগম খালেদা জিয়ার আদর্শের বিএনপি নয়।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর প্রকাশ্য দিবালোকে জিরো পয়েন্টে ছয়জন মানুষকে হত্যা করা হয়েছিল, যা দেশের খুনের রাজনীতির একটি ভয়াবহ অধ্যায় হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে আছে। তাঁর মতে, এর পরবর্তী সময়ে ক্ষমতার পেছনের দরজা দিয়ে এসে আওয়ামী লীগ যে শাসন ব্যবস্থা কায়েম করেছে, তার প্রত্যক্ষ সাক্ষী দেশের মানুষ।
তিনি দাবি করেন, জনগণ এখন তাদের পাওনার একাংশ ফিরে পেয়েছে এবং বাংলাদেশ নতুন করে মুক্ত হয়েছে। তবে দেশকে পুরোপুরি মুক্ত ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড় করাতে হলে ফ্যাসিবাদী চরিত্রের রাজনীতিকে চিরতরে প্রত্যাখ্যান করতে হবে।
সমাবেশে ১১ দলীয় জোটের নেতারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।