‘‘দেশ থেকে দেশান্তরে, ভয়েস অব পিপল সবার ঘরে’’
ইস্ট লন্ডনের ৫টি গুরুত্বপূর্ণ খবর একসাথে
ভয়েস অব পিপল রিপোর্ট, ২ নভেম্বর:
প্লাস্টোতে হ্যালোইন পার্টিতে মুখোশধারীদের ছুরিকাঘাত, প্রাণঘাতী আহত ১৮ বছরের তরুণ

ইস্ট লন্ডনের নিউহামের প্লেইস্টো এলাকায় হেলোইন পার্টিতে ঢুকে এক তরুণকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে ৮ থেকে ১০ জন মুখোশধারী হামলাকারী। গত ২৮ অক্টোবর রাত পৌনে ৮টার দিকে জেমস ক্লোজের একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
১৮ বছর বয়সী ওই তরুণের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে আঘাতের কারণে দীর্ঘমেয়াদি শারীরিক ক্ষতির আশঙ্কা রয়েছে।
মেট্রোপলিটন পুলিশ ঘটনাটিকে হত্যাচেষ্টা হিসেবে তদন্ত করছে। হামলাকারীদের শনাক্ত করতে প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজ চাওয়া হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় পার্টিতে উপস্থিত তরুণদের কাছ থেকে তথ্য পাওয়া তদন্তের জন্য গুরুত্বপূর্ণ।
ক্যানিং টাউনের পাঁচটি আবাসিক ভবন ছাড়ার নির্দেশ, বিপাকে শত শত পরিবার

নিউহামের ক্যানিং টাউনে কাঠামোগত নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে পাঁচটি আবাসিক ভবনের বাসিন্দাদের ভবন ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবনগুলো হলো সেঞ্চুরিয়ন টাওয়ার, সেন্ট ভিনসেন্ট কোর্ট, সোভারেন টাওয়ার, থ্যানেট টাওয়ার ও প্রিন্স কোর্ট।
গত ২৩ অক্টোবর সেঞ্চুরিয়ন টাওয়ার, সেন্ট ভিনসেন্ট কোর্ট ও সোভারেন টাওয়ার থেকে প্রায় ২১১টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে আরও ভবনের বাসিন্দাদের নিরাপত্তার বিষয়টি সামনে আসে।
নিউহাম কাউন্সিল জানিয়েছে, সম্পত্তি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান প্রাইম প্রপার্টি ম্যানেজমেন্টের সঙ্গে সমন্বয় করে বাসিন্দাদের সরিয়ে নেওয়া ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
হঠাৎ আবাসন ছাড়ার নির্দেশে পরিবারগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সদস্য থাকা পরিবারগুলোর জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা বড় চ্যালেঞ্জ।
নিউহামের ৭৬ হাজার বাড়িতে সাপ্তাহিক খাদ্যবর্জ্য সংগ্রহ শুরু
পরিবেশ দূষণ কমানো ও পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে নিউহাম কাউন্সিল প্রায় ৭৬ হাজার বাড়িতে সাপ্তাহিক খাদ্যবর্জ্য সংগ্রহের ব্যবস্থা সম্প্রসারণ করছে।
গত ৩০ অক্টোবর প্রকাশিত কাউন্সিলের তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ের সাফল্যের পর নতুন এলাকাগুলোতেও এই সেবা চালু করা হচ্ছে। বাসিন্দাদের খাদ্যবর্জ্য আলাদা করে নির্ধারিত পাত্রে রাখার ব্যবস্থা করা হবে।
কাউন্সিলের লক্ষ্য সাধারণ আবর্জনার পরিমাণ কমানো এবং খাদ্যবর্জ্যকে পুনর্ব্যবহারযোগ্য সম্পদে পরিণত করা। নতুন ব্যবস্থায় সংশ্লিষ্ট বাড়িগুলোর বাসিন্দাদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।
ক্যানারি ওয়ার্ফে ১৮০টি নতুন পারিবারিক আবাসন তৈরির উদ্যোগ

টাওয়ার হ্যামলেটসের ক্যানারি ওয়ার্ফ এলাকার মার্শ ওয়ালে চারটি অফিস ভবন কিনে সেগুলোকে পারিবারিক আবাসনে রূপান্তরের উদ্যোগ নিয়েছে স্থানীয় কাউন্সিল।
গত ২২ অক্টোবর প্রকাশিত পরিকল্পনা অনুযায়ী, ভবনগুলো থেকে প্রায় ১৮০টি নতুন পারিবারিক আবাসন তৈরি করা হবে। এগুলো মূলত অস্থায়ী আবাসনের প্রয়োজন রয়েছে এমন স্থানীয় পরিবারগুলোর জন্য ব্যবহার করা হবে।
টাওয়ার হ্যামলেটসে দীর্ঘদিন ধরে আবাসনসংকট ও অস্থায়ী বাসস্থানের চাহিদা রয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের পরিবার এবং শিশুদের নিয়ে বসবাসকারী পরিবারগুলো এ সংকটে বেশি ভুগছে। নতুন প্রকল্পটি বাস্তবায়িত হলে কিছু পরিবারের আবাসন সমস্যার চাপ কমতে পারে।
হ্যাকনিতে ১৭২টি নতুন কাউন্সিল বাড়ি নির্মাণ শুরু
ইস্ট লন্ডনের হ্যাকনিতে ১৭২টি নতুন কাউন্সিল বাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছে। হোক্সটন, ক্ল্যাপটন ও স্টোক নিউইংটন এলাকায় এসব আবাসন নির্মাণ করা হচ্ছে।
গত ২৯ অক্টোবর হ্যাকনি কাউন্সিল এ তথ্য প্রকাশ করে। নতুন বাড়িগুলো স্থানীয় আবাসন চাহিদা পূরণে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
লন্ডনে বাড়িভাড়া বৃদ্ধি ও সামাজিক আবাসনের সংকটের মধ্যে কাউন্সিলের এই উদ্যোগ স্থানীয় নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ।