লন্ডনে তাপপ্রবাহের তাণ্ডব, ৩৫ ডিগ্রি ছুঁয়ে ভাঙল নতুন রেকর্ড
লন্ডন,১০ জুলাই: তীব্র তাপপ্রবাহে কার্যত পুড়ছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। বৃহস্পতিবার বিকেলে শহরের নর্থহল্ট এলাকায় তাপমাত্রা ৩৫.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা চলতি বছরের অন্যতম সর্বোচ্চ। একই সঙ্গে ৩৪ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা রেকর্ড হওয়ার সংখ্যায় নতুন জাতীয় রেকর্ডও গড়েছে দেশটি।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এটি অষ্টম দিন, যেদিন যুক্তরাজ্যের কোথাও না কোথাও তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এর আগে ১৯৭৬ ও ২০২০ সালে সাত দিন এমন তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃহস্পতিবার ও শুক্রবার তাপপ্রবাহের সবচেয়ে তীব্র সময়। লন্ডন ও দক্ষিণ ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রচণ্ড গরমের প্রভাব পড়েছে জনজীবনেও। অতিরিক্ত তাপের কারণে কয়েকটি রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। নিরাপত্তার স্বার্থে কিছু রুটে গতি কমানো হয়েছে, আবার কোথাও কোথাও ট্রেন বাতিলও করা হয়েছে।
অন্যদিকে দাবদাহের কারণে দাবানলের ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে লন্ডন ফায়ার ব্রিগেড। পার্ক, খোলা মাঠ কিংবা বনাঞ্চলে ডিসপোজেবল বারবিকিউ ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে।
চরম গরমের মধ্যে স্বাস্থ্যসেবার ওপরও চাপ বাড়ছে। জুন মাসে লন্ডনের বিভিন্ন হাসপাতালে চার লাখ ২৮ হাজারের বেশি রোগী জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন এবং এক লাখ ৩০ হাজারের বেশি অ্যাম্বুলেন্স সাড়া দিয়েছে। এনএইচএস বাসিন্দাদের পর্যাপ্ত পানি পান, রোদ এড়িয়ে চলা এবং অসুস্থ বা বয়স্ক স্বজনদের খোঁজ নেওয়ার পরামর্শ দিয়েছে।
তাপপ্রবাহের কারণে পরিবেশেও বিরূপ প্রভাব দেখা দিয়েছে। উইম্বলডন পার্ক লেকে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় বহু মাছ মারা গেছে। পাশাপাশি কয়েকটি অঞ্চলে পানির সংকট দেখা দেওয়ায় হোসপাইপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এদিকে লন্ডনের মেয়র সাদিক খান তাপপ্রবাহ মোকাবিলায় নিরলসভাবে কাজ করা অগ্নিনির্বাপণ কর্মীদের ধন্যবাদ জানিয়ে নগরবাসীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
পূর্ববর্তী সংবাদ