তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদের জন্য—ভয়েস অব পিপল
কক্সবাজারের ঢালাও এলাকায় ঢালাওভাবে দিনদুপুরে ৫০–৬০ গাড়িতে গণ ডাকাতি, আটক ২
বাংলাদেশ প্রতিনিধি, ২১ অক্টোবর:
কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড়–বাইশারী সড়কের হিমছড়ি ঢালা এলাকায় ঢালাওভাবে দিনদুপুরে একের পর এক যানবাহন থামিয়ে ডাকাতির অভিযোগ উঠেছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ও দুপুরে দুই দফায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের দাবি, মুখোশধারী সশস্ত্র ডাকাতেরা ৫০ থেকে ৬০টি যানবাহন থামিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
উল্লেখ্য, বাংলাদেশে এর আগে এত গাড়িতে এভাবে গণডাকাতির খবর শোনা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল সড়কে যানবাহনের গতিরোধ করে। পরে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে পাশের জঙ্গলে নিয়ে মারধর করে তাঁদের সর্বস্ব কেড়ে নেওয়া হয়। ডাকাতির শিকার যানবাহনের মধ্যে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল রয়েছে।
দুই এনজিওকর্মীর ২ লাখ ৭০ হাজার টাকা লুট
ডাকাতির শিকার একটি বেসরকারি সংস্থার ঈদগড় শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম জানান, সহকর্মীকে নিয়ে মোটরসাইকেলে ঈদগাঁও থেকে ঈদগড় যাওয়ার পথে তাঁদের থামায় ডাকাতেরা। পরে জঙ্গলে নিয়ে মারধর করে ১ লাখ ২০ হাজার টাকা, দুটি মুঠোফোন ও কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়।
একই সড়কে ডাকাতির শিকার আরেকটি বেসরকারি সংস্থার হিসাবরক্ষক আবদুল হাকিমের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ও একটি ব্যাংকের চেকবই লুট করা হয়। দুই এনজিওকর্মীর কাছ থেকেই মোট ২ লাখ ৭০ হাজার টাকা নেওয়ার তথ্য পাওয়া গেছে।
চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে রক্ষা
ঈদগড়ের বাসিন্দা মোহাম্মদ তারেক জানান, সকালে অটোরিকশায় ঈদগাঁও থেকে ঈদগড় যাওয়ার সময় তাঁরা ডাকাতদের কবলে পড়েন। তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে প্রাণ বাঁচাতে চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যান তিনি।
আটক দুজন, অভিযান অব্যাহত
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার জানান, ভুক্তভোগীদের পক্ষ থেকে ৫০ থেকে ৬০টি যানবাহনে ডাকাতির দাবি করা হলেও পুলিশ এতগুলো গাড়িতে ডাকাতির বিষয়টি নিশ্চিত করতে পারেনি। তাঁর ভাষ্য, কয়েকটি মোটরসাইকেল ও একটি অটোরিকশায় ডাকাতির পর আতঙ্কে অন্য যানবাহন থেমে যাওয়ায় এ ধরনের খবর ছড়িয়েছে।
পুলিশ জানায়, ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে আলোচিত ডাকাত ছাবেরের স্ত্রী ও ছেলেকে আটক করা হয়েছে। তাঁদের বাড়ি থেকে ডাকাতির মালামাল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পাহাড়ি এলাকায় অভিযান চলছিল।
পাহাড়ি সড়কে নিরাপত্তা নিয়ে উদ্বেগ
স্থানীয়দের অভিযোগ, ঈদগাঁও–ঈদগড়–বাইশারী সড়কের নির্জন পাহাড়ি অংশে ডাকাতি ও অপহরণের ঘটনা প্রায়ই ঘটে। দিনদুপুরে এ ধরনের লুটপাটের অভিযোগে সড়কটি ব্যবহারকারী যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা নিয়মিত পুলিশি টহল এবং সড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।