ব্রিটেন সংবাদ

ব্রিটেনে বিদ্যুৎ গ্রিডের কাজে দেরি, বছরে বাড়তে পারে বিলের চাপ

ব্রিটেনে বিদ্যুৎ গ্রিডের কাজে দেরি, বছরে বাড়তে পারে বিলের চাপ

ভয়েস অব পিপল রিপোর্ট, ১২ সেপ্টেম্বর :

যুক্তরাজ্যের পুরোনো বিদ্যুৎ গ্রিড আধুনিকায়নের কাজে গতি না এলে আগামী বছরগুলোতে ভোক্তাদের বিদ্যুৎ বিল আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে ন্যাশনাল অডিট অফিস—এনএও।

সরকার বিদ্যুৎ গ্রিড আধুনিক করতে প্রায় ৭০ বিলিয়ন পাউন্ডের কর্মসূচি নিয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ ৮০টি প্রকল্পের মধ্যে এখন পর্যন্ত মাত্র ১৬টি সম্পন্ন হয়েছে। অধিকাংশ প্রকল্প এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

গ্রিডের সক্ষমতা কম থাকায় বাতাসে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার না করে কিছু ক্ষেত্রে উইন্ড ফার্ম বন্ধ রাখতে হয় এবং ঘাটতি পূরণে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালাতে হয়। এর ফলে বিদ্যুৎ ব্যবস্থায় অতিরিক্ত খরচ তৈরি হচ্ছে।

এনএওর হিসাবে, গ্রিডের সীমাবদ্ধতার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাপনায় যে অতিরিক্ত ব্যয় হচ্ছে তা ২০২৫-২৬ অর্থবছরের প্রায় ১.৯ বিলিয়ন পাউন্ড থেকে ২০৩০ সালে বছরে ৭.৮ বিলিয়ন পাউন্ড পর্যন্ত পৌঁছাতে পারে।

সরকারের যুক্তি, দ্রুত গ্রিড সম্প্রসারণ হলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে এবং দীর্ঘমেয়াদে আমদানি করা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে। কিন্তু অডিট অফিস বলছে, প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হলে সেই সুফল পেতে আরও সময় লাগবে এবং এর খরচ শেষ পর্যন্ত ভোক্তাদের ওপর পড়তে পারে।