বিয়ানীবাজারে আইফোনের জন্য বন্ধুকে খুন : নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে নিহতের লাশ
নিহত ইমন আহমদ
সিলেট প্রতিনিধি, ১২ ডিসেম্বর : সিলেটের বিয়ানীবাজারে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় ইমন আহমদ (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে শেওলা ইউনিয়নের শালেস্বর গ্রামে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত ইমন কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের মুতলিব মিয়ার ছেলে। ঘটনাটির সূত্র ধরে পুলিশ ইমনের ঘনিষ্ঠ বন্ধু আশরাফুল করিম (২৩)–কে আটক করেছে।
স্থানীয়দের ভাষ্য, ভিডিও তৈরির জন্য ব্যবহৃত ইমনের আইফোন নিয়ে আগ্রহ ছিল আশরাফুলের। নিখোঁজের পর থানায় সাধারণ ডায়েরি হওয়ার পর পুলিশ তদন্তে নেমে আশরাফুলকে আটক করে। তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডোবার ভেতর লাশের অবস্থান জানতে পারে পুলিশ।
পুলিশের ধারণা, আইফোন ছিনতাই ও বিক্রির উদ্দেশ্যেই হত্যাকাণ্ডটি ঘটতে পারে। তবে মোবাইলটি এখনো উদ্ধার হয়নি।
কুড়ারবাজার ইউনিয়নের চেয়ারম্যান তুতিউর রহমান তোতা বলেন, “ইমন খুবই সরল ছেলে। ঘটনাটিতে আরও কেউ জড়িত থাকতে পারে।”
বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক জানান, “লাশের সুরতহাল সম্পন্ন হয়েছে। এক জনকে আটক করা হয়েছে। প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।”
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ