বাংলাদেশে বিশেষ অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ৩৩ হাজারের বেশি, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক

বাংলাদেশে বিশেষ অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ৩৩ হাজারের বেশি, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক

নিজস্ব প্রতিবেদক:

দেশজুড়ে চলমান বিশেষ অভিযানে গত আড়াই মাসে ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। একই সময়ে বিভিন্ন অপরাধে দায়ের হওয়া মামলা ও অন্যান্য অভিযানে আরও ৮৩ হাজার ৮১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে ২৪৩টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৩১৩ রাউন্ড গুলি ও কার্তুজ, ৮৮টি ম্যাগাজিন, ৪৩টি ককটেল, ২ কেজি গান পাউডার, ৫০৩টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ এবং অস্ত্র ও বোমা তৈরির ১৭টি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়া ১০ হাজার ৩০০টি চকলেট বাজিও জব্দ করা হয়।

উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ৭৬টি পিস্তল, ৩০টি শুটারগান, ৩৩টি এলজি, ১৮টি রিভলবার, ৫০টি বন্দুক, ১৫টি পাইপগান, ৪টি শটগান, ২টি রাইফেল, ২টি এসএমজি, ১২টি এয়ারগান এবং একটি পেনগান।

এদিকে মাদকবিরোধী অভিযানেও বড় ধরনের সাফল্যের কথা জানিয়েছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে ৭৬ লাখ ৪০ হাজার ২৭৬ পিস ইয়াবা, ৮ হাজার ২৮৪ পুরিয়া হেরোইন, ৩ হাজার ১৮৬ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৮৩৫ বোতল বিদেশি মদ, ৩৫৪ বোতল দেশি মদ, ৫ হাজার ৩৩৬ পুরিয়া গাঁজা এবং অন্যান্য মাদকদ্রব্য।

পুলিশ জানিয়েছে, মাদক উদ্ধারের ঘটনায় এ সময়ে ১৪ হাজার ১৫৭টি মামলা করা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ২০ হাজার ৪৩৯ জনকে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে দেশজুড়ে এ বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।