ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি

দেশজুড়ে খুন, সংঘর্ষ ও সহিংসতা: প্রাণ গেল একাধিক মানুষের, আহত বহু

দেশজুড়ে খুন, সংঘর্ষ ও সহিংসতা: প্রাণ গেল একাধিক মানুষের, আহত বহু

নিজস্ব প্রতিবেদক, ২৯ অক্টোবর :

বাংলাদেশের বিভিন্ন স্থানে খুন, জমিজমা নিয়ে বিরোধ, আধিপত্য বিস্তার, পারিবারিক নির্যাতন ও সড়ক দুর্ঘটনায় প্রাণহানি এবং আহত হওয়ার ঘটনা ঘটেছে। পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে গুলিতে দুজন নিহত হয়েছেন। মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে চার বছরের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশুটির বাবাও। চট্টগ্রামে নির্যাতনের অভিযোগের মধ্যে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হামলায় আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক মানুষ।

এ অবস্থায় অবশ্য ২৯ অক্টোবর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শালাউদ্দিন আহমদ দাবী করেছেন দেশের আইন শৃংখলা আগের চেয়ে ভাল। 

পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধে গুলিতে নিহত ২

পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া বাজারে হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে গুলিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক ও পুষ্পপাড়া গরুর হাটের ইজারাদার আবদুস সালাম (৫৬) এবং তাঁর চাচাতো ভাইয়ের ছেলে রিপন হোসেন (৩৫)। তাঁদের বাড়ি সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের ধর্মগ্রামে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সন্ধ্যায় পুষ্পপাড়া হাটে নিজেদের কার্যালয়ে অবস্থান করছিলেন আবদুস সালাম ও রিপন। এ সময় একদল দুর্বৃত্ত সেখানে এসে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশের একাধিক দল কাজ করছে।

মুন্সিগঞ্জে শিশু তোয়াবাকে হত্যা, পরে মারা গেলেন বাবা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমিজমা নিয়ে বিরোধের জেরে চার বছরের শিশু তোয়াবা ও তার বাবা গোলাপ হোসেনকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বুধবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার রামকৃষ্ণদী গ্রামে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন গোলাপ হোসেন। এ সময় বাবা ও মেয়ে আলাদা হয়ে যান। গুরুতর আহত গোলাপ কোনোভাবে বাড়ি ফিরতে পারলেও নিখোঁজ ছিল শিশু তোয়াবা।

রাতভর খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে গ্রামের একটি ইটভাটার পাশের কাশবন থেকে শিশুটির গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে, চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান গোলাপ হোসেন।

পরিবারের অভিযোগ, নানার বাড়ির জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরেই এ হামলা হয়েছে। এ ঘটনায় সোহরাব হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, বুধবার বিকেলে মেয়েকে নিয়ে নিজের বাবার বাড়িতে গিয়েছিলেন গোলাপ। এশার নামাজের পর শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হলে ইটভাটা এলাকায় তাঁদের ওপর হামলা হয়। এতে বাবা-মেয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েন।

গুরুতর আহত গোলাপকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

চট্টগ্রামে নাস্তা কম দেওয়ার বিরোধে নির্যাতনের অভিযোগ, অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে মারধরের অভিযোগ ওঠার নয় দিন পর মারা গেছেন তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সিফাতুন আকতার নুর (২২)। শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহতের বাবা মো. নুর আহমদের অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর মেয়ে শ্বশুরবাড়িতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন। প্রায় পাঁচ মাস আগে পটিয়ার পূর্ব কুসুমপুরা গ্রামের দুবাইপ্রবাসী মো. তারেকের সঙ্গে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়। স্বামী বিদেশে থাকায় তিনি শ্বশুরবাড়িতে থাকতেন।

পরিবারের অভিযোগ অনুযায়ী, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় সিফাতুনের মা জুহিনুর আক্তার মেয়ের শ্বশুরবাড়িতে হাতে তৈরি নাস্তা নিয়ে যান। নাস্তার পরিমাণ কম হওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সিফাতুনের শাশুড়ি রিজিয়া বেগম তাঁর মাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় রাশেদা বেগম ও সুমি আক্তার সিফাতুনের চুল ধরে মাটিতে ফেলে মারধর করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় লোকজন পরে মা ও মেয়েকে উদ্ধার করেন। শারীরিক অবস্থার অবনতি হলে সিফাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়। নয় দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় ১৪ অক্টোবর সিফাতুনের মা পটিয়া থানায় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক জিয়া জানিয়েছেন, অভিযোগটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগগুলোর বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল জানা যায়নি।

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে টেঁটাযুদ্ধ, আহত ১২

নরসিংদীর মেঘনাবেষ্টিত চরাঞ্চল চরদিঘলদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে মাধবদী থানার জিতরামপুর ও টিডিরচর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে চাঁন মিয়া ও শহীদ মেম্বারের পক্ষের মধ্যে বিরোধ চলছে। গত দুই মাসে দুই পক্ষের মধ্যে চার থেকে পাঁচবার সংঘর্ষ হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বৃহস্পতিবার ভোরে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১২ জন আহত হন। তাঁদের টেঁটা ও ধারালো অস্ত্রের আঘাত লাগে। আহতদের নারায়ণগঞ্জের আড়াইহাজার ও ঢাকার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

চাঁন মিয়ার অভিযোগ, প্রতিপক্ষের লোকজন টেঁটা ও ককটেল নিয়ে তাঁদের ওপর হামলা চালিয়েছেন। অন্যদিকে শহীদ মেম্বার অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, চাঁন মিয়ার লোকজন প্রথমে তাঁদের ওপর হামলা করেন। উভয় পক্ষই নিজেদের লোকজন আহত হওয়ার কথা জানিয়েছে।

ঝিনাইদহে সারের কার্ড নিয়ে সংঘর্ষ, আহত ১২

ঝিনাইদহের মহেশপুর উপজেলার জিতেরপুর গ্রামে কৃষকদের সারের কার্ড ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় আজমপুর ইউনিয়নের এ গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের নুর ইসলামের ছেলে রিপন হোসেনের সঙ্গে হাদান মণ্ডলের ছেলে মইদুল ইসলামের সারের কার্ড নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

আহত ব্যক্তিদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আলম জানিয়েছেন, সারের কার্ড নিয়ে বিরোধের জেরেই দুই পক্ষের লোকজন আহত হয়েছেন।

মুন্সিগঞ্জের গজারিয়ায় পৃথক হামলায় আহত ৯

মুন্সিগঞ্জের গজারিয়ায় পৃথক দুটি সংঘর্ষ ও হামলার ঘটনায় টেঁটাবিদ্ধসহ অন্তত নয়জন আহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) রাতে টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হন। একই দিন সন্ধ্যায় বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া ফরাজীকান্দি গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের চারজন আহত হন।

বড় ভাটেরচর গ্রামে পূর্ববিরোধের জেরে সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিনের অনুসারীদের সঙ্গে ইউপি সদস্য মাহফুজুর রহমান রিপনের অনুসারীদের সংঘর্ষ হয়। আহতদের মধ্যে আতাউর, সোহেল, মুজাহিদ ও অমিতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের একজন বাইজিদের বয়স ১৪ বছর।

গিয়াস উদ্দিনের অভিযোগ, বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন টেঁটা, রামদা ও ছুরি নিয়ে তাঁর ওপর হামলা করেন। পরে তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর ছোট ভাই, ভাতিজা ও স্বজনেরা আহত হন।

তবে ইউপি সদস্য মাহফুজুর রহমান রিপন অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ফুটবল খেলা ও অতিথি নিয়ে তৈরি একটি পোস্টারকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে।

এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গাজীপুরে বাসায় ঢুকে দম্পতিকে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ

গাজীপুর মহানগরের গাছা এলাকায় গভীর রাতে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে একটি বাসায় হামলার অভিযোগ উঠেছে ১৫ থেকে ২০ জনের একটি দলের বিরুদ্ধে। হামলায় ফুয়াদ আলম ওরফে ফাহিম (২৭) চাপাতির আঘাতে আহত হয়েছেন। তাঁর স্ত্রী নওরীন মহসীনের (২১) চোখেও গুরুতর আঘাত লাগে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী দম্পতির দাবি, হামলাকারীরা তাঁদের নগদ টাকা ও মুঠোফোন নিয়ে গেছে। গত ২৫ অক্টোবর দিবাগত রাতে গাছা থানার কুনা এলাকায় তাঁদের চারতলা পৈতৃক বাড়িতে এ ঘটনা ঘটে বলে তাঁরা জানিয়েছেন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে পরে থানায় মামলা করতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন এবং পুলিশ তাঁদের অভিযোগ গ্রহণ করেনি বলে দাবি করেছেন দম্পতি।

গত মঙ্গলবার তাঁরা ঢাকার কাওরান বাজারে দৈনিক ইত্তেফাক কার্যালয়ে গিয়ে হামলা, মালামাল লুট ও মামলা না নেওয়ার অভিযোগ তুলে ধরেন।

অভিযোগগুলোর বিষয়ে পুলিশের বক্তব্য ও তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

রংপুরে বাস ডিভাইডারে ধাক্কা, হেলপার নিহত, আহত ২৫

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনায় বাসের হেলপার এনামুল হক (২৭) নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ থেকে ২৫ জন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ‘এ আর ট্রাভেলস’ নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দিলে হেলপার এনামুল বাস থেকে ছিটকে পড়েন। পরে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ১৫ জনকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছিল। অন্যদের মধ্যে কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসব ঘটনা জমিজমা, বাজারের ইজারা, কৃষি উপকরণ বণ্টন, স্থানীয় আধিপত্য, পারিবারিক বিরোধ ও সড়ক নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, অপরাধীদের আইনের আওতায় আনা এবং বিরোধের জেরে আরও প্রাণহানি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়া।

অথচ, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো’ বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।  ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধারের ঘটনা এবং দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন ঘটে যাওয়া এসব হত্যাকাণ্ডসহ নানা অপরাধের খবরের মধ্যে তাঁর এই বক্তব্য নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে শিক্ষানবিশ সার্জেন্ট ও ক্যাডেট সাব-ইন্সপেক্টরদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।