সাংবাদিক আনিস আলমগীরের সর্বশেষ তথ্য
আনিস আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন : ডিবি প্রধান শফিকুল ইসলাম
লন্ডন, ১৫ ডিসেম্বর, লন্ডন সময় রাত ১১:৫৪: সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম। তিনি জানান, গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে কিছু বিষয়ে সদুত্তর দিতে না পারায় এই প্রক্রিয়া শুরু করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে এসব কথা জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম।
তিনি বলেন, “সাংবাদিক আনিস আলমগীর গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে কিছু বিষয়ে সন্তোষজনক উত্তর দিতে পারেননি। এ কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এর আগে রোববার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে আনা হয়।
ডিবি কার্যালয় থেকে মোবাইল ফোনে আনিস আলমগীর গণমাধ্যমকে জানান, ধানমন্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, “ডিবির পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।”