লন্ডনের রান্নার কিংবদন্তি টমি মিয়ার জীবন এবার বড় পর্দায়

লন্ডনের রান্নার কিংবদন্তি টমি মিয়ার জীবন এবার বড় পর্দায়

বিনোদন ডেস্ক, ১৫ ডিসেম্বর : লন্ডনের রান্নার বিশ্বখ্যাত শেফ টমি মিয়া এর জীবনী এবার পর্দায় আসছে। মাত্র ১০ বছর বয়সে মা-বাবার সঙ্গে ব্রিটেনে পাড়ি দেওয়া টমি মিয়া ছোটবেলায় একটি রেস্তোরাঁয় থালা-বাসন ধুয়ে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। সেই সময়ই তিনি সিদ্ধান্ত নেন রান্নাকে পেশা হিসেবে বেছে নিতে। সেই পথেই এগিয়ে গিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

বাংলাদেশের রন্ধনশিল্পীদের সঙ্গে কাজ করেছেন টমি মিয়া এবং ঢাকাসহ বিভিন্ন স্থানে তাঁর টমি মিয়াস হসপিটালিটি ইনস্টিটিউট গড়ে তুলেছেন, যা আন্তর্জাতিক মানের শেফ তৈরি করছে।

টমি মিয়ার জীবনীভিত্তিক সিনেমা ‘সিটিএম’ পরিচালনা করবেন মনিরুজ্জামান মনির। সিনেমায় টমি মিয়ার চরিত্রে অভিনয় করবেন সাজ্জাদ হোসেন, যিনি নিজেও শেফ হিসেবে কাজ করেছেন এবং ২০০৭ সালে টমি মিয়াস ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়েছেন। সাজ্জাদ বলেন, “শেফ হিসেবে অভিজ্ঞতা থাকায় টমি ভাইয়ের চরিত্রে অভিনয় করা আমার জন্য সহজ হবে। সিনেমায় প্রেম, ট্র্যাজেডি ও অনুপ্রেরণার গল্প থাকবে, যা দর্শকদের কাছে উপভোগ্য হবে।”

আসন্ন বছরেই লন্ডনে ‘টমি মিয়াস ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত হবে, যা টমি মিয়া এমবিইর সহযোগিতায় আয়োজন করা হচ্ছে। অক্টোবর মাসে এই অনুষ্ঠানে বাংলাদেশ চলচ্চিত্রের একঝাঁক তারকা অংশ নেবেন।

সিনেমার শুটিংয়ের বড় অংশ হবে লন্ডনে, যেখানে বাংলাদেশ ও লন্ডনের প্রযোজকরা সহযোদ্ধা থাকবেন। নতুন বছরের শুরুতে মহরত অনুষ্ঠান দিয়ে সিনেমার আনুষ্ঠানিক কাজ শুরু করা হবে।