বাংলাদেশ সংবাদ
চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক দুই দিনের রিমান্ডে
বাংলাদেশ প্রতিনিধি, ১৭ সেপ্টেম্বর : চট্টগ্রামে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিককে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহিদুল ইসলাম এ আদেশ দেন।
পুলিশের অভিযোগ, নগরের খুলশীর একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে গত ১০ সেপ্টেম্বর ওই ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অনলাইন প্রতারণা, আর্থিক জালিয়াতি, অনুমোদনহীন ইলেকট্রনিক লেনদেন এবং প্রযুক্তি ব্যবহার করে সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় খুলশী থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে লাওসের ৩৫ জন, পাকিস্তানের ২১ জন, চীনের ৫ জন এবং নেপাল ও ভিয়েতনামের একজন করে নাগরিক রয়েছেন। অভিযানের সময় পুলিশ ১৩৪টি মোবাইল ফোন, ৫৭টি ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করেছে।
পুলিশ জানিয়েছে, ওই ভবনের ১৪টি ইউনিটে বিভিন্ন ধরনের কম্পিউটার, ল্যাপটপ ও সার্ভার স্থাপন করা হয়েছিল। প্রাথমিক তদন্তে এগুলো ব্যবহার করে অনলাইন প্রতারণার একটি চক্র পরিচালনার তথ্য পাওয়া গেছে বলে পুলিশ দাবি করেছে। তবে প্রতারণার মাধ্যমে কত অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে এবং এর সঙ্গে কারা মূলত জড়িত, তা এখনো তদন্তাধীন।
পুলিশ ৬৩ জনের প্রত্যেককে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে তদন্তকারী সংস্থাকে ২০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আসামিপক্ষ রিমান্ডের বিরোধিতা করে বলেছে, অভিযোগের ভিত্তি নিয়ে প্রশ্ন রয়েছে এবং বিদেশি নাগরিকদের জিজ্ঞাসাবাদে ভাষাগত জটিলতা তৈরি হতে পারে। অভিযোগগুলোর সত্যতা এখন তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
পূর্ববর্তী সংবাদ