বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান শপথের পরদিনই হাতে তুলে নিলেন ঝাড়ু !

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান শপথের পরদিনই হাতে তুলে নিলেন ঝাড়ু !

ভয়েস অব পিপল ডেস্ক: সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে শপথ নেওয়ার পরদিনই ভোরে নিজ নির্বাচনী এলাকা ঢাকার মিরপুরে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে দিন শুরু করেছেন ডাক্তার শফিকুর রহমান। বুধবার ফজরের নামাজ শেষে স্থানীয় একটি মসজিদ থেকে বের হয়ে গ্লাভস ও মাস্ক পরে ঝাড়ু হাতে নেন তিনি।

সাংবাদিকদের তিনি জানান, এটি নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকারের বাস্তবায়ন। এটি একদিনের প্রচারণামূলক কর্মসূচি নয়; বরং দলীয় ইউনিটগুলো নিয়মিতভাবে এ কার্যক্রম চালিয়ে যাবে। স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিদিন ফজরের নামাজের পর অন্তত আধাঘণ্টা করে সবাই যেন নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়। কেউ এক ঘণ্টা সময় দিতে পারলে তা আরও ফলপ্রসূ হবে।

পেশায় চিকিৎসক এই রাজনীতিক মিরপুরকে রাজধানীর একটি “মডেল পাড়া” হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সরকারি বরাদ্দ থাকুক বা না থাকুক, এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি। তবে ন্যায্য উন্নয়ন তহবিল থেকে তার এলাকাকে বঞ্চিত না করার জন্য সরকারের প্রতিও আহ্বান জানান।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের উদ্দেশে বিরোধীদলীয় নেতা বলেন, মিরপুরকে পরিচ্ছন্ন ও নিরাপদ করতে দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গণতন্ত্রের সৌন্দর্যের কথা তুলে ধরে তিনি বলেন, আজ তিনি নির্বাচিত হয়েছেন, আগামীতে অন্য কেউ হতে পারেন—কিন্তু এলাকার উন্নয়ন রাজনৈতিক বা ধর্মীয় বিভেদের কারণে থেমে থাকা উচিত নয়।

এই উদ্যোগকে দীর্ঘমেয়াদি কর্মসূচি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ঢাকায় অবস্থান করলে প্রতিদিনই নিজে অংশ নেবেন, আর বাইরে থাকলে সহকর্মীদের মাধ্যমে কার্যক্রম চলমান রাখবেন।