বাংলাদেশ সংবাদ

বাংলাদেশে প্রতি বছর নতুন করে ক্যানসারে আক্রান্ত প্রায় দুই লাখ

বাংলাদেশে  প্রতি বছর নতুন করে ক্যানসারে আক্রান্ত প্রায় দুই লাখ

বাংলাদেশ প্রতিনিধি, ২৩ আগস্ট:

দেশে ক্যানসারের বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে। প্রতিবছর নতুন করে প্রায় দুই লাখ মানুষের শরীরে ক্যানসার শনাক্ত হচ্ছে। তবে রোগীর সংখ্যা বাড়লেও সেই অনুপাতে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ছে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

রোববার ঢাকায় ক্যানসার রোগীদের জন্য ‘স্টার ক্যানসার সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য উঠে আসে।

বিশেষজ্ঞরা বলেন, ক্যানসার শনাক্ত হওয়ার পর রোগী ও পরিবারের সামনে দ্রুত গুরুত্বপূর্ণ চিকিৎসা সিদ্ধান্ত নেওয়ার চাপ তৈরি হয়। রোগের ধরন, চিকিৎসার পদ্ধতি কিংবা অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে অনেক সময় একাধিক বিশেষজ্ঞের মতামতের প্রয়োজন হয়।

এ বাস্তবতায় নতুন চালু হওয়া স্টার ক্যানসার সেন্টার থেকে রোগীদের বিনামূল্যে ‘সেকেন্ড ওপিনিয়ন’ বা দ্বিতীয় চিকিৎসা-পরামর্শ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রোগীরা তাদের রোগ নির্ণয়, চলমান চিকিৎসা এবং পরবর্তী করণীয় সম্পর্কে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন।

অনুষ্ঠানে স্টার ক্যানসার সেন্টার, হায়দ্রাবাদের জ্যেষ্ঠ পরামর্শক ও সার্জিক্যাল অনকোলজি বিভাগের প্রধান ডা. বিপিন গোয়েল বলেন, ক্যানসার ধরা পড়ার পর রোগী ও স্বজনেরা অনেক সময় মানসিক চাপের মধ্যে চিকিৎসা নিয়ে সিদ্ধান্ত নেন।

তার মতে, চিকিৎসা শুরুর আগে যাচাই করা বিশেষজ্ঞ মতামত রোগীকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করতে পারে। একই সঙ্গে এতে চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে রোগী ও পরিবারের মধ্যে স্বচ্ছতা ও আস্থাও তৈরি হয়।

বাংলাদেশে ক্যানসার রোগীর সংখ্যা ক্রমাগত বাড়লেও চিকিৎসা অবকাঠামোর সীমাবদ্ধতা এখনো বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মতে, রোগ শনাক্তকরণ, দ্রুত চিকিৎসা শুরু এবং অভিজ্ঞ বিশেষজ্ঞের পরামর্শ পাওয়ার সুযোগ বাড়ানো গেলে ক্যানসারের বিরুদ্ধে লড়াই আরও কার্যকর করা সম্ভব।