তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদের জন্য—ভয়েস অব পিপল

টাওয়ার হ্যামলেটসে ৭৫ বাসিন্দার শিক্ষায় £২ লাখ ৫০ হাজার অনুদান

টাওয়ার হ্যামলেটসে ৭৫ বাসিন্দার শিক্ষায় £২ লাখ ৫০ হাজার অনুদান

কমিউনিটি ডেস্ক, ২৩ সেপ্টেম্বর :

উচ্চশিক্ষা, পেশাগত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়াতে টাওয়ার হ্যামলেটসের ৭৫ জন বাসিন্দাকে মোট ২ লাখ ৫০ হাজার পাউন্ড শিক্ষাবৃত্তি ও প্রশিক্ষণ অনুদান দেওয়া হয়েছে। টাওয়ার হ্যামলেটস অ্যান্ড ক্যানারি ওয়ার্ফ ফার্দার এডুকেশন ট্রাস্টের (THCWFET) মাধ্যমে এসব অনুদান দেওয়া হয়।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের তথ্য অনুযায়ী, অনুদানপ্রাপ্তদের মধ্যে বিভিন্ন ধরনের ফার্দার ও হায়ার এডুকেশন কোর্স, পোস্টগ্র্যাজুয়েট পড়াশোনা এবং পেশাগত ও কারিগরি প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীরা রয়েছেন। আর্থিক কারণে যাতে স্থানীয় বাসিন্দাদের শিক্ষা বা দক্ষতা অর্জনের পথ বন্ধ না হয়, মূলত সে লক্ষ্যেই এই সহায়তা দেওয়া হচ্ছে।

৯ সেপ্টেম্বর আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অনুদানপ্রাপ্তদের স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান, ডেপুটি মেয়র ও THCWFET-এর ট্রাস্টি মাইউম তালুকদার, ট্রাস্টের চেয়ারম্যান নিল গ্রিফিথস এবং ক্যানারি ওয়ার্ফ গ্রুপের (CWG) প্রধান নির্বাহী শোবি খান

মেয়র লুৎফুর রহমান বলেন, শিক্ষা মানুষের জীবনের সুযোগ বাড়ানোর অন্যতম শক্তিশালী মাধ্যম। তাঁর মতে, আর্থিক বাধা অতিক্রম করে বাসিন্দাদের শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ করে দিতে এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ডেপুটি মেয়র মাইউম তালুকদার বলেন, আর্থিক চাপ অনেক মেধাবী মানুষকে শিক্ষা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধার মুখে ফেলে। এই অনুদান স্থানীয় বাসিন্দাদের দক্ষতা বাড়ানো, যোগ্যতা অর্জন এবং নিজেদের সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ তৈরি করছে।

ক্যানারি ওয়ার্ফ গ্রুপের প্রধান নির্বাহী শোবি খান বলেন, শিক্ষা মানুষের জীবন পরিবর্তন করতে পারে এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে স্থানীয় মানুষের জন্য দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের পথ তৈরি করা সম্ভব।

এই কর্মসূচি নতুন নয়। ১৯৯০ সালে শুরু হওয়া টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও ক্যানারি ওয়ার্ফ গ্রুপের অংশীদারিত্বের মাধ্যমে এখন পর্যন্ত ৪ হাজার ৫০০-এর বেশি স্থানীয় বাসিন্দা শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন।

২০২৬ সালের অনুদান কর্মসূচির জন্য আবেদনকারীদের টাওয়ার হ্যামলেটসে কমপক্ষে তিন বছর বসবাসসহ নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে পরিবারের আয়, অন্যান্য সরকারি বা শিক্ষাবিষয়ক সহায়তা এবং কোর্সের ধরনও বিবেচনায় নেওয়া হয়েছে।

ট্রাস্টের নিয়ম অনুযায়ী, অনুদানের পরিমাণ কোর্সের ধরন অনুযায়ী ভিন্ন হয়। ফার্দার এডুকেশন, হায়ার এডুকেশন, পোস্টগ্র্যাজুয়েট শিক্ষা এবং বিভিন্ন পেশাগত প্রশিক্ষণের জন্য আলাদা সর্বোচ্চ সহায়তার সীমা নির্ধারিত রয়েছে।

কাউন্সিল মার্চে জানিয়েছিল, ২০২৬ সালের এই কর্মসূচিতে যোগ্য আবেদনকারীরা কোর্স ও পরিস্থিতি অনুযায়ী প্রায় £২,৮০০ থেকে £৫,৯০০ পর্যন্ত অনুদান পেতে পারেন। একই ঘোষণায় জানানো হয়েছিল, আবেদনকারীদের মধ্যে বয়সের কোনো সর্বোচ্চ সীমা নেই।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এই ফার্দার এডুকেশন অনুদানের পাশাপাশি তরুণদের জন্য এডুকেশন মেইনটেন্যান্স অ্যালাউন্স (EMA) ও ইউনিভার্সিটি বার্সারি কর্মসূচিও চালু রয়েছে।