হুমকি-হয়রানিতে বাড়ছে আত্মনিয়ন্ত্রণ, ঝুঁকিতে সংবাদমাধ্যমের স্বাধীনতা

যুক্তরাজ্যে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাজ্যে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ভয়েস অব পিপল ডেস্ক,২৭ জুলাই:

হুমকি, অনলাইন হয়রানি ও রাজনৈতিক মেরুকরণের কারণে যুক্তরাজ্যের অনেক সাংবাদিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংবাদ প্রকাশে আত্মনিয়ন্ত্রণ (সেলফ-সেন্সরশিপ) করছেন। এতে সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং জনগণের তথ্য জানার অধিকার হুমকির মুখে পড়ছে।

যুক্তরাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় গবেষণা প্রতিষ্ঠান আলমা ইকোনমিকস (Alma Economics) পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে পরিচালিত এ গবেষণায় ৫৩১ জন সাংবাদিকের ওপর জরিপ এবং ৫৫ জনের গভীর সাক্ষাৎকার নেওয়া হয়।

গবেষণায় দেখা গেছে, অভিবাসনবিরোধী ডানপন্থী বিক্ষোভ, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি এবং ট্রান্সজেন্ডার-সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেদন করতে গিয়ে সাংবাদিকরা সবচেয়ে বেশি হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন। প্রায় অর্ধেক সাংবাদিক জানিয়েছেন, নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ তাদের কিছু বিষয়ে সংবাদ প্রকাশের আগ্রহ কমিয়ে দিয়েছে। আর প্রায় এক-তৃতীয়াংশ বলেছেন, নিরাপত্তার কারণে তারা সংবাদ পরিবেশনের ধরন বা বিষয়বস্তু পরিবর্তন করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নারী সাংবাদিকরা সবচেয়ে বেশি লিঙ্গবিদ্বেষমূলক ও যৌন হয়রানির শিকার হচ্ছেন। অনলাইন সাংবাদিকতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতির কারণে সাংবাদিকদের ব্যক্তিগত পরিচয় সহজে প্রকাশ পাচ্ছে, যা তাদের আরও ঝুঁকির মুখে ফেলছে।

ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্টস (এনইউজে)-এর মহাসচিব লরা ডেভিসন বলেন, সাংবাদিকদের প্রতি হুমকি ও হয়রানিকে কখনোই পেশার স্বাভাবিক অংশ হিসেবে মেনে নেওয়া যায় না। এটি শুধু সাংবাদিকদের নয়, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্যও বড় হুমকি।

যুক্তরাজ্যের সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিভাগ (ডিসিএমএস) জানিয়েছে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে, যাতে তারা নির্ভয়ে জনস্বার্থের গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করতে পারেন।