ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি

সিলেটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’, নিরাপত্তায় মাঠে নামছে বিজিবির পাঁচ প্লাটুন

সিলেটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’, নিরাপত্তায় মাঠে নামছে বিজিবির পাঁচ প্লাটুন

সিলেট প্রতিনিধি, ৩০ জুলাই:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই দিনব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে ঘিরে সিলেটে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে প্রশাসন। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ও শুক্রবার (৩০ ও ৩১ জুলাই) সিলেট জেলার পাঁচটি উপজেলায় এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত হবে। এগুলো হলো—কানাইঘাট, ওসমানীনগর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর। এসব এলাকার বেশিরভাগই সীমান্তবর্তী হওয়ায় এবং কয়েকটি কর্মসূচি সন্ধ্যার পর হওয়ার কারণে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন জানান, মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে কর্মসূচির নিরাপত্তায় বিজিবি মোতায়েনের আবেদন করা হয়েছে।

সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচির স্থানগুলোতে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করবেন। সীমান্তবর্তী এলাকা, জনসমাগম এবং সন্ধ্যাকালীন কর্মসূচির বিষয় বিবেচনায় নিয়ে পুলিশের সঙ্গে বিজিবির পাঁচ প্লাটুন সদস্য মাঠে থাকার প্রস্তুতি নেওয়া হয়েছে।

এনসিপির সিলেট মহানগরের আহ্বায়ক আইনজীবী আব্দুর রহমান আফজল জানান, দুই দিনের কর্মসূচির শুরু হবে বৃহস্পতিবার সকালে গোলাপগঞ্জ উপজেলায় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে। এরপর বিকেল ৩টায় কানাইঘাট এবং সন্ধ্যা ৭টায় ওসমানীনগরে পদযাত্রা অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ, বিকেল ৫টায় গোয়াইনঘাট এবং সন্ধ্যা ৭টায় জৈন্তাপুরে পদযাত্রার আয়োজন করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মসূচিতে অংশগ্রহণকারীদের আইনশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।