ইমরান খান আটক, পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক

ইমরান খান আটক, পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালত প্রাঙ্গণ থেকে আটক করেছে দেশটির আধা সামরিক বাহিনী।

মঙ্গলবার দেশটির রাজধানী ইসলামাবাদ হাই কোর্টের সামনে থেকে তাকে আটক করা হয়।

তার দলের পক্ষ থেকে নির্যাতনের অভিযোগ করে দেশজুড়ে তাৎক্ষণিক বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। তবে পুলিশ নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে।

ইমরানকে আটকের বিষয়টি তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আইনজীবী ফয়সাল চৌধুরী নিশ্চিত করেছেন।

দেশটির গণমাধ্যম দ্য ডন জানায়, ইমরানকে আটক এবং আইনজীবীদের মারধরেরর অভিযোগ করে টু্ইট করেছেন পিটিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরী। তিনি লিখেছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইমরানের গাড়িবহরকে ঘিরে ধরেছিল।

পিটিআইয়ের আরেক নেতা আজহার মাসওয়ানি অভিযোগ করেছেন, ইমরানকে আদালতের ভেতর থেকেই তুলে নেওয়া হয়। এর প্রতিবাদে দলের পক্ষ থেকে এখনই মাঠে নামতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

পিটিআই নেতা মোশাররাত চিমা টুইটারে এক ভিডিও বার্তায় বলেন, “তারা এখন ইমরান খানকে নির্যাতন করছে। তারা ইমরান সাহেবকে মারধর করছে। তারা খান সাহেবকে কিছু একটা করেছে।”

পিটিআইয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ইমরানের আইনজীবীর ভিডিও প্রকাশ করে লিখেছে, আদালতের সামনে তিনি ‘বাজেভাবে জখম’ হয়েছেন।

ইসলামামাবাদের পুলিশ জানিয়েছে, শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তারা এটাও বলেছে, কাউকে নির্যাতন করা হয়নি। তবে ইমরান খানের গাড়ি ঘিরে রাখার কথা স্বীকার করেছে তারা।

এর আগে ইমরান খানকে গ্রেপ্তারের জন্য লাহোরের জামান পার্কে তার বাসভবনে বেশ কয়েকটি অসফল অভিযান চালিয়েছিল পুলিশ। তবে সে সময় গ্রেপ্তার এড়াতে সক্ষম হন সাবেক এই প্রধানমন্ত্রী।