স্বর্ণের দুল নিতে দাদীকে হত্যার অভিযোগ

ছেলের ক্যামেরায় ধরা পড়ল মায়ের হত্যাকাণ্ড, গ্রেপ্তারের পর জবানবন্দি দিলো নাতি !

ছেলের ক্যামেরায় ধরা পড়ল মায়ের হত্যাকাণ্ড, গ্রেপ্তারের পর জবানবন্দি দিলো নাতি !

বাংলাদেশ প্রতিনিধি, ১ আগস্ট: রাজধানীর দক্ষিণখানে ৭১ বছর বয়সী এক বৃদ্ধা নারী হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ছেলের স্থাপন করা সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে হত্যাকাণ্ডের দৃশ্য। সেই ফুটেজের সূত্র ধরে নিহতের স্বজন আবু তালহা সজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত মাহবুব আরা বেগম দক্ষিণখানের দক্ষিণ গাওয়াইর এলাকায় নিজের বাড়িতে একাই থাকতেন। তার স্বামী মারা যাওয়ার পর গত প্রায় নয় মাস ধরে তিনি ওই বাসায় বসবাস করছিলেন। সন্তানদের পড়াশোনার কারণে ছেলে মাহবুব হাসান অন্য এলাকায় থাকায় মায়ের নিরাপত্তার জন্য ফ্ল্যাট ও শোবার ঘরে সিসিটিভি ক্যামেরা বসিয়েছিলেন।

মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে মাহবুব আরার বাসায় যান তার চাচাতো ভাইয়ের ছেলে আবু তালহা সজীব। অভিযোগ রয়েছে, সেখানে গিয়ে সে দাদীর ওপর হামলা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে ওড়না দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়।

পুলিশ জানায়, ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে সজীবকে শনাক্ত করা হয়। পরে গাওয়াইর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই আব্দুল্লাহ-আল-মামুন শনিবার তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন এবং জবানবন্দি গ্রহণের আবেদন জানান। আদালত তার জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিহতের ছেলে মাহবুব হাসান জানান, রাতে সিসিটিভি ফুটেজ দেখার সময় তিনি মায়ের ওপর হামলার দৃশ্য দেখতে পান। এরপর শুক্রবার দক্ষিণখান থানায় মামলা করেন।

পুলিশের দাবি, হত্যার পর ঘর থেকে নিহতের ব্যবহৃত স্বর্ণের দুল নেওয়া হয়। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।