ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি
ব্রিক লেইন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সেপ্টেম্বরে দুই দিনের আয়োজন
কমিউনিটি ডেস্ক, ১ আগস্ট:
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ঐতিহাসিক ব্রিক লেইন জামে মসজিদের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর দুই দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উদযাপন করা হবে। এ উপলক্ষে শুক্রবার জুমার নামাজের পর মসজিদের আতাউর রহমান চৌধুরী কনফারেন্স হলে এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের পক্ষে লিখিত বক্তব্যে মোহাম্মদ হরমুজ আলী বলেন, ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত ব্রিক লেইন জামে মসজিদ গত পাঁচ দশকে শুধু একটি উপাসনালয় নয়, বরং ব্রিটিশ-বাংলাদেশি মুসলিম কমিউনিটির অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই ঐতিহাসিক মাইলফলক সবার অংশগ্রহণে উদযাপন করতে কমিউনিটির সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি জানান, দুই দিনের অনুষ্ঠানে থাকবে দোয়া মাহফিল, স্মৃতিচারণ, কমিউনিটির বিশিষ্টজনদের বক্তব্যসহ নানা আয়োজন। দেশ-বিদেশ থেকে অতিথিরাও এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে মসজিদ কমিটির পক্ষে বক্তব্য দেন হামিদুর রহমান চৌধুরী ও হেলাল উদ্দিন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ সাজ্জাদুর রহমান এবং মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম।
মিট দ্য প্রেসে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মোহাম্মদ হরমুজ আলী। অনুষ্ঠানে লন্ডনের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, এনটিভি ইউরোপের পরিচালক মোস্তফা সারোয়ার বাবু, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকরামুল হোসেন, ব্যবসায়ী রফিক হায়দার এবং কমিউনিটি ব্যক্তিত্ব নজরুল ইসলামসহ আরও অনেকে।
আয়োজকদের মতে, সুবর্ণজয়ন্তীর এই আয়োজন ব্রিক লেইন জামে মসজিদের গৌরবময় ইতিহাস সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে এর অবদান তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হয়ে উঠবে।