তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদের জন্য—ভয়েস অব পিপল

ইংল্যান্ডে বিনা মূল্যে বাসযাত্রার বয়স বাড়ছে ৬ নভেম্বর থেকে

ইংল্যান্ডে বিনা মূল্যে বাসযাত্রার বয়স বাড়ছে ৬ নভেম্বর থেকে

নিজস্ব প্রতিবেদক, ১ নভেম্বর :

ইংল্যান্ডে বয়স্কদের বিনা মূল্যে বাসে যাতায়াতের বয়সসীমায় পরিবর্তন আসছে ৬ নভেম্বর থেকে। স্টেট পেনশনের বয়স ৬৬ থেকে বাড়িয়ে ৬৭ বছর করার সিদ্ধান্তের কারণে নতুন করে কয়েকটি শ্রেণির মানুষের জন্য বিনা মূল্যে বাসযাত্রার সুযোগ পেতে অপেক্ষার সময় বাড়ছে। তবে লন্ডনে বসবাসকারী ৬০ বছর বা তার বেশি বয়সীদের জন্য রয়েছে পৃথক পরিবহন সুবিধা।

ইংল্যান্ডে বয়স্কদের বিনা মূল্যে বাসে যাতায়াতের সুবিধা স্টেট পেনশনের বয়সের সঙ্গে যুক্ত। ফলে পেনশন পাওয়ার বয়স বাড়লে বাস পাস পাওয়ার বয়সও বাড়বে।

২০২৬ সালের এপ্রিল থেকে শুরু হওয়া এই পরিবর্তন ধাপে ধাপে কার্যকর হচ্ছে। ২০২৮ সালের মধ্যে স্টেট পেনশনের বয়স ৬৭ বছরে পৌঁছানোর কথা।

নতুন নিয়মে ১৯৬০ সালের ৬ নভেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে জন্মগ্রহণকারীরা ৬৬ বছর বয়সে পৌঁছালেও সঙ্গে সঙ্গে স্টেট পেনশন কিংবা বিনা মূল্যে বাস পাস পাবেন না। তাঁদের যোগ্যতা অর্জনের জন্য ৬৬ বছর ৮ মাস বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে।

একইভাবে ১৯৬০ সালের ৬ ডিসেম্বর থেকে ১৯৬১ সালের ৫ জানুয়ারির মধ্যে জন্মগ্রহণকারীরা ৬৬ বছর ৯ মাস বয়সে সুবিধা পাবেন। পরবর্তী জন্মতারিখ অনুযায়ী অপেক্ষার সময়ও বাড়বে।

১৯৬১ সালের ৬ মার্চ থেকে ১৯৭৭ সালের ৫ এপ্রিলের মধ্যে জন্মগ্রহণকারীদের ক্ষেত্রে স্টেট পেনশনের যোগ্য বয়স হবে ৬৭ বছর।

লন্ডনে ৬০ বছর থেকেই বিনা মূল্যে যাতায়াত

ইংল্যান্ডের অন্যান্য এলাকার সঙ্গে লন্ডনের পরিবহন সুবিধার পার্থক্য রয়েছে। রাজধানীতে বসবাসকারী ৬০ বছর বা তার বেশি বয়সীরা ৬০+ লন্ডন অয়েস্টার ফটোকর্ডের মাধ্যমে বাস, টিউব, ট্রাম, ডিএলআর ও লন্ডন ওভারগ্রাউন্ডে বিনা মূল্যে যাতায়াত করতে পারেন। তবে এই সুবিধা লন্ডনের নির্ধারিত এলাকার মধ্যেই প্রযোজ্য এবং কিছু পরিবহনে সময়সীমা রয়েছে।

স্টেট পেনশনের বয়সে পৌঁছানোর পর তাঁরা ওল্ডার পারসনস ফ্রিডম পাসের জন্য আবেদন করতে পারবেন।

অন্যদিকে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডে ৬০ বছর বয়স থেকেই বয়স্কদের বাস পাস পাওয়ার সুযোগ রয়েছে। সেখানে এই সুবিধা স্টেট পেনশনের বয়সের সঙ্গে সরাসরি যুক্ত নয়।

সরকারি নিয়ম অনুযায়ী, ইংল্যান্ডে যোগ্য বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিরা নির্ধারিত সময়ের মধ্যে স্থানীয় বাসে বিনা মূল্যে যাতায়াত করতে পারেন। সাধারণত কর্মদিবসে সকাল সাড়ে ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত এবং সপ্তাহান্ত ও সরকারি ছুটির দিনে সারাদিন এই সুবিধা কার্যকর থাকে।

স্টেট পেনশন ও বাস পাসের যোগ্যতার তারিখ জন্মতারিখ অনুযায়ী পরিবর্তিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের আগেভাগে নিজেদের যোগ্যতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।