তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদের জন্য—ভয়েস অব পিপল

বিদ্যুতের বিল বাড়লে নতুন জ্বালানি প্রকল্প বন্ধ করবে ব্রিটিশ সরকার

বিদ্যুতের বিল বাড়লে নতুন জ্বালানি প্রকল্প বন্ধ করবে ব্রিটিশ সরকার

লন্ডন, ৩১ অক্টোবর: বিদ্যুতের বিল বাড়ার আশঙ্কা থাকলে নতুন পরিচ্ছন্ন জ্বালানি প্রকল্প অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ব্রিটিশ সরকার। বিশেষ করে যেসব বায়ুশক্তি প্রকল্পের কারণে সাধারণ গ্রাহকদের বিদ্যুতের খরচ বাড়তে পারে, সেগুলো আটকে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী জন হিলি।

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় বিদ্যুৎ গ্রিডের সীমাবদ্ধতার কারণে উৎপাদিত বায়ুবিদ্যুৎ অনেক সময় গ্রাহকদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফলে উৎপাদন বন্ধ রাখার জন্য বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিপূরণ দিতে হচ্ছে। একই সঙ্গে বিকল্প উৎস থেকে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থাও করতে হচ্ছে। এতে সরকারের জ্বালানি ব্যয় বাড়ছে।

সরকারের নতুন অবস্থান হলো, কোনো জ্বালানি প্রকল্প অনুমোদনের আগে উৎপাদন ব্যয়, বিদ্যুৎ পরিবহনের সক্ষমতা এবং গ্রাহকদের ওপর সম্ভাব্য আর্থিক প্রভাব বিবেচনা করা হবে।

তবে নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, নতুন প্রকল্প আটকে না দিয়ে জাতীয় বিদ্যুৎ গ্রিডের সক্ষমতা বাড়ানো প্রয়োজন। কারণ বায়ু ও সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানো ব্রিটেনের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।

ব্রিটিশ সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনব্যবস্থাকে পরিচ্ছন্ন জ্বালানিনির্ভর করা। এখন প্রশ্ন, বিদ্যুতের দাম নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব জ্বালানির লক্ষ্যমাত্রা—দুটির মধ্যে সরকার কীভাবে ভারসাম্য রক্ষা করে।