তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদের জন্য—ভয়েস অব পিপল
নভেম্বরে ব্রিটিশ পেনশনভোগীদের জন্য প্রায় ১৫ হাজার পাউন্ডের সুবিধা, মিলতে পারে ৯ ধরনের সহায়তা
নিজস্ব প্রতিবেদক, লন্ডন, ১ নভেম্বর :
যুক্তরাজ্যে জীবনযাত্রার বাড়তি ব্যয়ের মধ্যে বয়স্ক ও অবসরপ্রাপ্ত মানুষের আর্থিক চাপ কমাতে বিভিন্ন ধরনের সরকারি সহায়তা ও ছাড়ের ব্যবস্থা রয়েছে। নভেম্বর মাসে যোগ্য পেনশনভোগীরা এসব সুবিধা মিলিয়ে সর্বোচ্চ ১৪ হাজার ৯৭০ পাউন্ড মূল্যের আর্থিক সহায়তা ও সুযোগ-সুবিধা পেতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেস।
তবে এই অর্থ কোনো এককালীন সরকারি অনুদান নয়। বিভিন্ন ভাতা, চিকিৎসাসেবা, জ্বালানি বিলের ছাড়, আবাসন সহায়তা ও অন্যান্য সুবিধার সম্ভাব্য বার্ষিক মূল্য হিসাব করে এই অঙ্ক নির্ধারণ করা হয়েছে। সব পেনশনভোগী সব সুবিধা পাবেন না। ব্যক্তির আয়, বয়স, শারীরিক অবস্থা, বসবাসের এলাকা ও পারিবারিক পরিস্থিতির ওপর যোগ্যতা নির্ভর করবে।
যেসব সুবিধা পাওয়া যেতে পারে
১. পেনশন ক্রেডিট: স্বল্প আয়ের স্টেট পেনশনভোগীদের জন্য এটি অন্যতম গুরুত্বপূর্ণ সহায়তা। ২০২৬-২৭ অর্থবছরে একক ব্যক্তির সাপ্তাহিক আয় ২৩৮ পাউন্ড এবং দম্পতির যৌথ আয় ৩৬৩.২৫ পাউন্ডে উন্নীত করার জন্য সরকার এই ভাতা দেয়। ডিডব্লিউপির হিসাবে, একজন যোগ্য পেনশনভোগী বছরে গড়ে ৪ হাজার ৫০০ পাউন্ডের বেশি সহায়তা পেতে পারেন।
২. অ্যাটেনডেন্স অ্যালাউন্স: দীর্ঘমেয়াদি অসুস্থতা বা শারীরিক সমস্যার কারণে দৈনন্দিন কাজে অন্যের সাহায্য প্রয়োজন হলে স্টেট পেনশন বয়সী ব্যক্তিরা এই ভাতা পেতে পারেন। প্রয়োজনের মাত্রা অনুযায়ী সপ্তাহে ৭৬.৭০ থেকে ১১৪.৬০ পাউন্ড পর্যন্ত পাওয়া যায়। সর্বোচ্চ হারে বছরে প্রায় ৫ হাজার ৯৫৯ পাউন্ড।
৩. উইন্টার ফুয়েল পেমেন্ট: শীতকালে ঘর গরম রাখার ব্যয় মেটাতে যোগ্য পেনশনভোগীরা ১০০ থেকে ৩০০ পাউন্ড পর্যন্ত সহায়তা পেতে পারেন। তবে পরিবারের আয় বছরে ৩৫ হাজার পাউন্ডের বেশি হলে এই অর্থ সাধারণত কর কর্তৃপক্ষের মাধ্যমে ফেরত নেওয়া হয়।
৪. ওয়ার্ম হোম ডিসকাউন্ট: যোগ্য নিম্ন আয়ের পরিবার ও পেনশন ক্রেডিট গ্রহণকারীরা বিদ্যুৎ বিলে ১৫০ পাউন্ড ছাড় পেতে পারেন। সাধারণত বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান সরাসরি বিলে এই ছাড় সমন্বয় করে।
৫. কোল্ড ওয়েদার পেমেন্ট: নির্দিষ্ট এলাকায় টানা সাত দিন তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে থাকলে যোগ্য ব্যক্তিরা প্রতি সাত দিনের জন্য ২৫ পাউন্ড করে পেতে পারেন। সাধারণত পেনশন ক্রেডিট গ্রহণকারীরা এই সুবিধার আওতায় থাকেন।
৬. বিনা মূল্যে টিভি লাইসেন্স: ৭৫ বছর বা তার বেশি বয়সী পেনশন ক্রেডিট গ্রহণকারীরা বিনা মূল্যে বিবিসি টিভি লাইসেন্স পেতে পারেন। বর্তমানে এর বার্ষিক মূল্য ১৮০ পাউন্ড।
৭. কাউন্সিল ট্যাক্স ছাড়: পেনশন ক্রেডিটসহ নির্দিষ্ট আর্থিক যোগ্যতা পূরণ করলে স্থানীয় কাউন্সিল থেকে কাউন্সিল ট্যাক্সে আংশিক অথবা সম্পূর্ণ ছাড় পাওয়া যেতে পারে। ছাড়ের পরিমাণ নির্ভর করে সংশ্লিষ্ট কাউন্সিল, আয় ও পারিবারিক অবস্থার ওপর।
৮. এনএইচএস চিকিৎসাসেবা: ৬০ বছর বা তার বেশি বয়সীদের জন্য ইংল্যান্ডে বিনা মূল্যে এনএইচএস প্রেসক্রিপশন ও চোখ পরীক্ষা করার সুবিধা রয়েছে। পেনশন ক্রেডিটের গ্যারান্টি ক্রেডিট অংশ পাওয়া ব্যক্তিরা বিনা মূল্যে দাঁতের চিকিৎসা, চশমা ও কন্টাক্ট লেন্সের জন্য সহায়তাও পেতে পারেন।
৯. বিনা মূল্যে বাসযাত্রা: ইংল্যান্ডের অধিকাংশ এলাকায় স্টেট পেনশনের যোগ্য বয়সে পৌঁছালে ওল্ডার পারসনস বাস পাস পাওয়া যায়। তবে লন্ডনে ৬০ বছর বয়স থেকেই নির্দিষ্ট শর্তে ৬০+ অয়েস্টার কার্ডের মাধ্যমে বিনা মূল্যে গণপরিবহনে যাতায়াত করা যায়।
সরকারি সহায়তার পাশাপাশি রেল, কোচ, হোটেল, বিনোদনকেন্দ্র ও বিভিন্ন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানও বয়স্কদের জন্য বিশেষ ছাড় দিয়ে থাকে।
পেনশনভোগীদের বড় অংশই জানেন না তাঁদের প্রাপ্য সুবিধা
পেনশনভোগীদের এসব সুযোগ-সুবিধার কথা তুলে ধরে বলা হয়েছে, অনেকে যোগ্যতা থাকা সত্ত্বেও সরকারি সহায়তা গ্রহণ করেন না। বিশেষ করে পেনশন ক্রেডিটের আবেদন না করায় অনেকে শীতকালীন জ্বালানি সহায়তা, বিনা মূল্যে টিভি লাইসেন্স এবং চিকিৎসাসংক্রান্ত সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন।
যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস (ডিডব্লিউপি) সম্প্রতি জানিয়েছে, প্রায় ৯ লাখ ১০ হাজার পেনশনভোগী পরিবার পেনশন ক্রেডিটের সুবিধা গ্রহণ করছেন না, যদিও তাঁদের অনেকেই এর যোগ্য হতে পারেন।
সরকারি হিসাবে, পেনশন ক্রেডিটের মাধ্যমে বছরে গড়ে ৪ হাজার ৫০০ পাউন্ডের বেশি অতিরিক্ত আর্থিক সহায়তা পাওয়া সম্ভব। তাই শুধু স্টেট পেনশন পাওয়াকেই অবসরকালীন সব সরকারি সুবিধার শেষ ধাপ মনে না করে প্রত্যেকের নিজের যোগ্যতা যাচাই করা প্রয়োজন।
যোগ্যতা যাচাই ও আবেদন: পেনশন ক্রেডিটসহ বিভিন্ন সরকারি সুবিধার বিস্তারিত জানতে ব্রিটিশ সরকারের ওয়েবসাইটের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করা যাবে।